পৃষ্ঠপোষক নেই বলে স্তব্ধ সিক্স সিজনস দাবা
বাংলাদেশে তিনিই প্রথম আয়োজন করেছিলেন সিক্স সিজনস দাবা টুর্নামেন্ট। তবে উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের এমন সৃষ্টিশীল আয়োজনটা বলতে গেলে মুখ থুবড়ে পড়েছে। ২০১০ সালের অক্টোবরে প্রথম শুরু হওয়ার পর একই বছরে আরও তিনটি টুর্নামেন্ট করেছিলেন নিয়াজ। একটি গ্র্যান্ডমাস্টার্স ও তিনটি মহিলা আন্তর্জাতিক মাস্টার্স টুর্নামেন্টের পর পড়ে লম্বা বিরতি। প্রায় আড়াই বছর পর আবারও ছোট পরিসরে আয়োজন করতে যাচ্ছেন আরেকটি সিক্স সিজনস টুর্নামেন্ট। উত্তরায় নিয়াজ মোরশেদের আবাসিক ভবনে এটি শুরু হবে ২২ মার্চ।গত আড়াই বছর কেন টুর্নামেন্টের আয়োজন করতে পারেননি? উত্তরে প্রথমেই টেনে আনেন আর্থিক সীমাবদ্ধতার কথা, ‘স্পনসরদের কাছ থেকে কোনো সাড়া পাচ্ছি না। কেউ যদি আমার এই টুর্নামেন্টের দিকে হাত বাড়িয়ে দিত, তাহলে বড় পরিসরে এটির আয়োজন করতে পারতাম।’এবারের টুর্নামেন্টে অংশ নেবে জুনিয়র সব দাবাড়ু। ভারতের হার্ষল শাহী, মিথিলেশ সেনদের সঙ্গে বাংলাদেশের আবদুল্লাহ আল সাইফ, ইকরামুল হক (সিয়াম), ফাহাদ রহমান, মোহাম্মদ সাগররা অংশ নিচ্ছে এতে। পৃষ্ঠপোষক পেলে বড় অঙ্কের আর্থিক পুরস্কার দেওয়া হবে বলে জানান নিয়াজ। বাস্তবতা হচ্ছে, এখন পর্যন্ত কোনো স্পনসর পাননি। তাই রেটিং বাড়ানোটাই হয়তো দাবাড়ুদের জন্য হতে পারে বড় সান্ত্বনা!