পেকারম্যানের পাওয়ার বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের কাছে হেরে স্বপ্নভঙ্গের বেদনায় কেঁদেই ফেললেন হামেস রদ্রিগেজ। কলম্বিয়ার কোচ হোসে পেকারম্যান ছুটে এলেন সান্ত্বনা দিতে l রয়টার্স
কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের কাছে হেরে স্বপ্নভঙ্গের বেদনায় কেঁদেই ফেললেন হামেস রদ্রিগেজ। কলম্বিয়ার কোচ হোসে পেকারম্যান ছুটে এলেন সান্ত্বনা দিতে l রয়টার্স

‘ঐ ব্যথাতুর আঁখি কাঁদো-কাঁদো মুখ, দেখি আর শুধু হেসে যাও, আজ বিদায়ের দিনে কেঁদো না।’ বিশ্বকাপ থেকে কলম্বিয়ার ছিটকে পড়ায় ব্যথাতুর দর্শক-সমর্থকদের এই কথাগুলোই মনে পড়তে পারে কোচ হোসে পেকারম্যানের। ১৬ বছর পর বিশ্বকাপে এসে দুরন্ত-দুর্বার গতিতেই এগিয়েছে পেকারম্যানের শিষ্যরা। কিন্তু স্বাগতিক ব্রাজিলের কাছে কোয়ার্টার ফাইনালে বিদায় হলো কলম্বিয়ার। কিছু বিদায় যেমন দেয় ফিরে আসার নিশ্চয়তা। ব্রাজিলে তেমনই যেন বার্তা দিয়ে গেল কলম্বিয়ানরা। গর্বিত কলম্বিয়া কোচ তাই প্রতিশ্রুতি দিতে পারছেন, ‘এত বছর পর অংশ নিয়েও বিশ্বকাপে যা করেছি, সেসব কাজে লাগিয়ে এই দলটি কলম্বিয়া ফুটবলকে অনেক দূর নিয়ে যাব।’
ব্রাজিলে কিছু একটা করে দেখাতেই এসেছিল কলম্বিয়া। বিশ্বকাপ থেকে বিদায়ের পর সেটিই বলে গেলেন পেকারম্যান, ‘আমরা দেখিয়েছি আমাদের বেশ কিছু প্রতিভাবান ফুটবলার আছে। আমরা সব সময়ই প্রতিদ্বন্দ্বিতা করেছি বলার মতো খেলোয়াড়ি চেতনায়। আমরা দেখিয়েছি বিশ্বকাপে সুন্দর ফুটবলই খেলতে এসেছিলাম আমরা, শুধু অংশ নিতে আসিনি।’
উত্তুঙ্গ উত্তেজনার ম্যাচটা আগাগোড়াই ছিল খুনে প্রতিদ্বন্দ্বিতার যেখানে মোট ৫৪টি ফাউলের ৩১টিই করেছেন ব্রাজিলের খেলোয়াড়েরা। আর এর মধ্যে পরাজয়টা এই আর্জেন্টাইনকে একটু মর্মাহতই করেছে, ‘এ ম্যাচে আমরা সমতায় থাকতে চেয়েছি। আর যখন দুদলেরই ভালো খেলোয়াড় থাকে, প্রতিদ্বন্দ্বিতার কারণেই আপনি সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রতিটি খেলোয়াড়ই দ্বৈরথে জিততে চায়। এমন ম্যাচ এগিয়ে নেওয়া সহজ নয়। স্নায়ুচাপ ছিল প্রচণ্ড। ব্রাজিল জিততে চেয়েছে, আমরাও জয় চেয়েছি। তীব্র ছিল প্রতিটি খণ্ড লড়াই। ম্যাচে এটাই ছিল বাধা।’
শুরুতে গোল পেয়েই কাল ব্রাজিল লড়াইয়ে এগিয়ে গিয়েছিল বলে মনে করেন পেকারম্যান, ‘শুরুতে গোল পাওয়া সব সময়ই গুরুত্বপূর্ণ এবং ব্রাজিল তাতেই স্বস্তিদায়ক জায়গায় গিয়ে অনেকগুলো ভালো সুযোগ আদায় করেছে। কলম্বিয়া ওই সময় খেই হারিয়ে ফেলে...শুরুর গোলে আমরা ঘাবড়ে গিয়েছিলাম।’
বিশ্বকাপে রাদামেল ফ্যালকাওয়ের মতো স্ট্রাইকারকে হারানোটা পেকারম্যানের কাছে ছিল বিশাল আঘাত। তবে গুরুর এই উদ্বেগ কী অসাধারণভাবেই না মুছে দিয়েছেন প্লে-মেকার হামেস রদ্রিগেজ। সেমিফাইনালের আগে টুর্নামেন্টে মেসি ও নেইমারের চেয়ে দুই গোল বেশি নিয়ে রদ্রিগেজই এখন গোল্ডেন বুটের সবচেয়ে জোরালো দাবিদার। দল শেষ আটে বিদায় নিলেও কলম্বিয়ার জন্য এই গোল্ডেন বুটই হতে পারে বড় একটা অর্জন। ২২ বছর বয়সী এই তরুণে মুগ্ধ কোচ, ‘বিশ্বকাপে হামেস রদ্রিগেজ যা করেছে সত্যি অসাধারণ। আশা করছি ও সামনের দিনগুলোতে একইভাবে খেলে যাবে।’ সূত্র: গোলডটকম।