পেছন ফিরে তাকিয়ে সাঙ্গাকারা
শ্রীলঙ্কার হয়ে টেস্টে সর্বোচ্চ ব্যাটিং গড় তাঁর, রানের তালিকায় তিনি দুইয়ে। শুরুর দিনগুলোতে কিন্তু নিজের সামর্থ্য নিয়ে সন্দিহান ছিলেন কুমার সাঙ্গাকারা নিজেই! প্রথম টেস্ট খেলার পরই বুঝে গিয়েছিলেন, তৈরি নন এখনো। পঞ্চম শ্রীলঙ্কান হিসেবে শততম টেস্ট খেলার আগে একটি ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষা ৎ কারে সাঙ্গাকারা ফিরে তাকিয়েছেন ফেলে আসা দিনগুলোর দিকে।২০০০ সালে টেস্ট দলে যখন ডাক পান, চমকে গিয়েছিলেন নিজেই, ‘বুঝতে পারছিলাম না টেস্ট খেলার সুযোগটা আমার প্রাপ্য কি না। ওয়ানডে অভিষেকে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে ভালো করেছিলাম। এরপর কালুভিতারানাকে পেছনে ফেলে টেস্ট দলে ডাক পাওয়াটা একই সঙ্গে ছিল বিস্ময়ের ও খুশির।’বাস্তবের জমিনে ফিরতে অবশ্য সময় লাগেনি। তবে দ্রুতই বুঝতে পেরেছিলেন নিজের করণীয়টা, ‘প্রথম টেস্টেই বুঝতে পারলাম, আমার ব্যাটিং এখনো টেস্টের জন্য যথেষ্ট ভালো নয়। পায়ের নিচে মাটি খুঁজে পেতে তাই কঠোর পরিশ্রম করতে হয়েছে। প্রথম টেস্ট সেঞ্চুরির (ভারতের বিপক্ষে ২০০১ সালে) পরই প্রথম মনে হলো, আমি তৈরি।’এরপর ধীরে ধীরে হয়ে উঠেছেন দলের মূল ব্যাটসম্যানদের একজন। চাপ কমানোর জন্য টেস্টে নিয়মিত উইকেট-কিপিং ছেড়েছেন ২০০৬ সালে। পরের বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে হোবার্ট টেস্টে করেছিলেন ৫৭ ও ১৯২। পরের টেস্টেই ক্যান্ডিতে ইংল্যান্ডের বিপক্ষে ৯২ ও ১৫২—ব্যাটসম্যান হিসেবে ওই দুটি টেস্টই সাঙ্গাকারার কাছে সবচেয়ে স্মরণীয়। মাহেলা জয়াবর্ধনের সঙ্গে ৬২৪ রানের ওই বিশ্ব রেকর্ড জুটিটাও তাঁকে তৃপ্তি দেয়। নিজের অর্জনের মুহূর্তে বললেন প্রিয় বন্ধুর কথাও, ‘মাহেলার সঙ্গে ব্যাটিং করা ও ওর ব্যাটিং দেখা আমি সব সময়ই উপভোগ করে এসেছি। শ্রীলঙ্কার হয়ে ওর পারফরম্যান্স অসাধারণ, ওর সঙ্গে খেলার অভিজ্ঞতা আমি দারুণ উপভোগ করেছি।’দুই টেস্টের সিরিজগুলোকে কখনোই পূর্ণাঙ্গ মনে হয় না সাঙ্গাকারার। আর এখনো সবকিছুর আগে রাখেন টেস্ট ক্রিকেটকে, ‘টেস্ট ক্রিকেটের মতো আর কিছু নেই, কোনো কিছুই এর ধারেকাছে আসতে পারে না। সত্যিকার অর্থে ক্রিকেটার হিসেবে ছাপ রাখা যায় টেস্টেই।’ ওয়েবসাইট।