পেছন ফিরে দেখা
২১ ম্যাচে ৫ জয়, ১৬ হার। ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড অসম লড়াইয়েরই প্রতিচ্ছবি। তবু মুশফিক-সাকিবদের জন্য আছে রোমন্থনের অনেক স্মৃতি
৭৭ থেকে ২৪১
ওয়ানডেতে বাংলাদেশ এ পর্যন্ত যে ১৩ বার ১০০ রানের নিচে অলআউট হয়েছে, তার তিনবারই নিউজিল্যান্ডের বিপক্ষে। ওয়ানডেতে বাংলাদেশের পঞ্চম সর্বনিম্ন স্কোর ৭৭ কিউইদের বিপক্ষেই। নিউজিল্যান্ডই একমাত্র টেস্ট খেলুড়ে দল, যাদের বিপক্ষে একবারও আড়াই শ রান করতে পারেনি বাংলাদেশ। সর্বোচ্চ ২৪১/৯ (ক্রাইস্টচার্চ, ২০১০)।
এত বড় হার!
রানের ব্যবধানে ১৬৭, উইকেটে ১০, আর ৪৪ ওভার হাতে রেখে ম্যাচ জয়—দুই দেশের সিরিজে তিনটি ক্ষেত্রেই বড় জয় নিউজিল্যান্ডের। সবচেয়ে বেশি ৪৪ ওভার বা ২৬৪ বল হাতে রেখে পাওয়া জয়টি ওয়ানডেতেই নিউজিল্যান্ডের দ্রুততম জয়। ২০০৭ সালে কুইন্সটাউনে বাংলাদেশের ৯৩ রান নিউজিল্যান্ড টপকেছিল মাত্র ৩১ মিনিটে!
পাঁচে দুই, সাতে তিন
দুই দেশের ওয়ানডে লড়াইয়ে পাঁচ সেঞ্চুরিয়ানের তালিকায় কেন উইলিয়ামসন (১০৮), রস টেলর (১০৩), স্টিভেন ফ্লেমিংদের (১০২*) সঙ্গে বাংলাদেশের সাকিব আল হাসান (১০৬) ও ইমরুল কায়েসও (১০১) আছেন। আর দুই দেশের সিরিজে সেঞ্চুরি জুটি সাতটি; যার তিনটি বাংলাদেশের; ১০৯, (জুনায়েদ-আশরাফুল, ঢাকা, ২০০৮); ১০১, (মুশফিক-নাঈম, ডানেডিন, ২০১০); ১২৭, (ইমরুল-শাহরিয়ার, ঢাকা, ২০১০)।
রোমন্থনের ৪-০
একটি ম্যাচ টসের আগেই বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় ২০১০ সিরিজের চারটি ম্যাচই জিতে বাংলাদেশ নিউজিল্যান্ডকে করেছিল ধবলধোলাই।
সাকিব-ফ্যাক্টর
দুই দেশের লড়াইয়ে এক সিরিজে সবচেয়ে বেশি রান (২১৩) ও সবচেয়ে বেশি উইকেট (১১) সাকিব আল হাসানের। এই কীর্তি তিনি গড়েছিলেন ২০১০ সিরিজে। বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি উইকেট (২৪) এবং দ্বিতীয় সর্বোচ্চ রানও (৩২৯) সাকিবের। বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসটিও (১০৬) তাঁর।
আফতাব-জাদু
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সেরা বোলিং একজন অনিয়মিত বোলারের—আফতাব আহমেদ। ২০০৪ সালে ঢাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ ওভারে ৩১ রানে ৫ উইকেট নিয়েছিলেন আফতাব।
স্ট্রাইক রেট ২৮৫.৭১
সর্বোচ্চ ৩২টি ডিসমিসাল তাঁর, এক ইনিংসে সবচেয়ে বেশি ৫টি ডিসমিসালও। শুধু উইকেটের পেছনে নয়, সামনেও ব্রেন্ডন ম্যাককালামের রুদ্রমূর্তি দেখেছে বাংলাদেশ। ২০০৭ সালে কুইন্সটাউনে মাত্র ২৮ বলে অপরাজিত ৮০ রান করেন এই উইকেটকিপার ব্যাটসম্যান, স্ট্রাইক রেট ২৮৫.৭১! কমপক্ষে ২৫ রানের ইনিংসগুলোর মধ্যে এটিই সর্বোচ্চ স্ট্রাইক রেটের ইনিংস।