পেছন ফিরে দ্বিতীয় রাউন্ড
নকআউট পর্বের প্রথম ধাপও শেষ হলো। যথারীতি প্রতিটি ম্যাচে ছিল স্বপ্ন ছোঁয়ার রোমাঞ্চ, আরও বড় স্বপ্নের দিকে এগিয়ে যাওয়া আর স্বপ্নভঙ্গের বেদনার গল্প। সেমিতে ওঠার লড়াই শুরুর আগে শেষ ষোলোর ঘটনাপ্রবাহ আরেকবার দেখে নেওয়া যাক

শীর্ষরাই শীর্ষে
আট গ্রুপের চ্যাম্পিয়ন আর আট রানার্সআপের জায়গা হয়েছিল শেষ ষোলোতে। চ্যাম্পিয়নদের সঙ্গে লড়াই হয়েছে রানার্সআপদের। কোনো দল কঠিন গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে এসেছিল, কোনো দল অপেক্ষাকৃত সহজ। তবে দ্বিতীয় রাউন্ডে চ্যাম্পিয়নের মান রেখেছে সব দলই। আট গ্রুপের আট চ্যাম্পিয়ন দলই শেষ পর্যন্ত জায়গা করে নিয়েছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে।
কেউ কারে নাহি ছাড়ে
দ্বিতীয় রাউন্ডের লাইনআপে কিছু রোমাঞ্চকর লড়াইয়ের আশা যেমন ছিল, ছিল একপেশে ম্যাচের প্রেক্ষাপটও। কিন্তু একমাত্র কলম্বিয়া-উরুগুয়ে ম্যাচ ছাড়া সব ম্যাচই ছিল দম বন্ধ করা উত্তেজনার। রেকর্ড পাঁচ-পাঁচটি ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত সময়ে! বেলজিয়াম-যুক্তরাষ্ট্র আর জার্মানি-আলজেরিয়া ম্যাচে অতিরিক্ত সময়েই গোল হয়েছে তিনটি করে! জার্মানির ম্যাচে তো আবার অতিরিক্ত সময়েরই শেষ দুই মিনিটে হয়েছে দুই গোল। আর্জেন্টিনা জিতেছে শেষের ২ মিনিট আগে। দুটিতে ম্যাচে আবার ছিল টাইব্রেকারে হৃদয়ভাঙা আর জয়ের উল্লাস। মূল সময়ে নিষ্পত্তি হওয়া তিন ম্যাচের একটিতে হল্যান্ড জিতেছে ৯৪ মিনিটের গোলে, ফ্রান্স শেষ ১২ মিনিটের দুই গোলে।
গোলকিপিং বীরত্ব
গোলবন্যার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডটি ছিল গোলকিপারদের। গোলকিপিংকে যেন নতুন উচ্চতায় নিয়ে গেছে প্রতিটি ম্যাচ। প্রথম ম্যাচে হুলিও সিজারের টাইব্রেকার বীরত্ব দিয়ে শুরু, টিম হাওয়ার্ডের রেকর্ড গড়া সেভের ম্যাচ দিয়ে শেষ। মাঝে চিলির ক্লদিও ব্রাভো, মেক্সিকোর গিলের্মো ওচোয়া, কোস্টারিকার কেইলর নাভাস, নাইজেরিয়ার ভিনসেন্ট এনিয়েমা আর আলজেরিয়ার রাইস এমবোলহি—একেকজন যেন ছিলেন মানবদেয়াল। বিশ্বের সেরা দুই কিপার বলে বিবেচিত ম্যানুয়েল নয়্যার ও থিবো কোর্তোয়াকে তেমন শক্ত পরীক্ষায় পড়তে হয়নি। তবে প্রয়োজনের সময় ঠিকই দুজন ছিলেন আস্থা হয়ে। নয়্যার তো দলের রক্ষণদুর্বলতা ঢাকতে সুইপারই বনে গিয়েছিলেন আলজেরিয়ার বিপক্ষে। আট ম্যাচের পাঁচটিতেই ম্যাচসেরা গোলকিপাররা।
যন্ত্রণাময় শেষ
দুজনই ডিফেন্ডার, দেশের ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলারদের একজন। দুজনই দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন দেশকে। দুজনেরই বিশ্বকাপ অভিযান শেষ হলো তিক্ততায়। দলের হারের সঙ্গে যেখানে ছিল ব্যক্তিগত ভুলের যন্ত্রণা। মেক্সিকোর রাফায়েল মার্কেজের ভুলে পাওয়া পেনাল্টি থেকেই জিতেছে হল্যান্ড, নাইজেরিয়ার জোসেফ ইয়োবোর আত্মঘাতী গোল নিশ্চিত করেছে ফ্রান্সের জয়। ৩৩ বছর বয়সী ইয়োবো আন্তর্জাতিক ফুটবলকেই বিদায় জানিয়েছেন, ৩৫ বছর বয়সী মার্কেজের ঘোষণাও হয়তো আসছে!
আফ্রিকার হৃদয় ভেঙে
দ্বিতীয় রাউন্ডের তৃতীয় দিনটি ছিল ইউরোপ আর আফ্রিকার লড়াই। ব্রাসিলিয়ায় ফ্রান্সের বিপক্ষে নাইজেরিয়া, পোর্তো আলেগ্রেতে জার্মানির বিপক্ষে আলজেরিয়া আন্ডারডগ হয়েও লড়েছে সমান তালে। শেষ পর্যন্ত জার্মানদের হার না-মানা মানসিকতার কাছে হারতে হয়েছে আলজেরিয়াকে। অসাধারণ এক গোলকিপারের একটা ভুলের খেসারত দিতে হয়েছে নাইজেরিয়াকে। শেষ ষোলোতে প্রথমবার আফ্রিকার একাধিক প্রতিনিধি হিসেবে ছিল এই দুই দল, বাদও পড়েছে একই দিনে। কনক্যাকাফের তিন প্রতিনিধির মধ্যে বাদ মেক্সিকো-যুক্তরাষ্ট্র, টিকে আছে কেবল কোস্টারিকা। সঙ্গে ইউরোপের আছে চার দল, লাতিন আমেরিকার ৩টি।
বিদায় কিং অটো
কোথাও তাঁর পরিচয় ‘কিং’, কোথাও বা ‘জেনারেল।’ বিশ্ব ফুটবলের সবচেয়ে শ্রদ্ধেয় ও সমীহ-জাগানিয়া কোচদের একজন। ক্লাব কোচিং ক্যারিয়ারে জিতেছেন ২৫টি ট্রফি। চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন বায়ার্ন মিউনিখ ও ডর্টমুন্ডকে; দুই ক্লাব মিলিয়ে সাতবার জিতেচেন বুন্দেসলিগা। সমর্থকদের ভোটে বায়ার্নের সর্বকালের সেরা কোচ, সব সময়ের সেরা বলে বিবেচিত বুন্দেসলিগারও। ৬ বছর ধরে ছিলেন সুইজারল্যান্ডের দায়িত্বে। আর্জেন্টিনার কাছে হেরে যাওয়া ম্যাচ দিয়েই অবসর নিলেন ফুটবল থেকে। বিদায় ওটমার হিজফেল্ড!