অনেকক্ষণ ধরে কেবল একটা শব্দই লিখলাম—হতাশা!পুরো বিশ্বকাপের দিকে যদি ফিরে তাকান, আশাবাদী হওয়ার মতো অনেক কিছুই খুঁজে পাবেন। কিন্তু শেষ ভালো যার, সব ভালো তার। মানুষ শেষটাই মনে রাখে বেশি। আর আমাদের শেষটা হলো দুঃস্বপ্নের মতো। মনে আছে ২০০৭ বিশ্বকাপ, যখন আমাদের নিয়ে প্রত্যাশার পাল্লা এত ভারী ছিল না, তখনো আমরা ভারত-দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছি। কিন্তু শেষ পর্যন্ত অনেকেই মনে রেখেছে আয়ারল্যান্ডের কাছে আমাদের হারটাই।আশা করি, সাকিবদের বেলায় এমনটা হবে না। তাদের সামনে দীর্ঘ পথ। এই ভুলগুলো, এই ব্যর্থতাগুলো তাদের নতুন লড়াইয়ের প্রেরণা হয়েই আসবে।কাল আমাদের ভুলটা হলো কোথায়? শুরুতেই। হ্যাঁ, শুরুতেই গলদ। এই ম্যাচের আগে লেখা কলামে বারবার বলেছি, শুরুতে ওদের ধাক্কা দিতেই হবে। সেই ধাক্কা আমরা দিতে পারিনি। উইকেট তো পড়েইনি, রানের স্রোতেই আমরা বাঁধ দিতে পারিনি। দক্ষিণ আফ্রিকাকে আমরা উড়ন্ত সূচনা এনে দেওয়ার সুযোগ করে দিয়েছি।এমন একটা শুরুর পর ম্যাচে ফিরে আসা কঠিন। আমাদের স্পিনাররা চেষ্টা করেছে। একসময় ওদের আমরা কিছুটা চাপে ফেলতে পেরেছিলাম বটে। কিন্তু শেষ পর্যন্ত ওরা ৪০টার মতো রান করে ফেলেছে। এই উইকেটে ২৪০ রানও কিন্তু অনেক ভালো স্কোর। এ মাঠে ডে ম্যাচে ২০০-এর বেশি রান তাড়া করে জেতার দৃষ্টান্তই আছে মাত্র দুটি। দক্ষিণ আফ্রিকা ২৮৪ রান করায় ম্যাচ ওখানেই একরকম শেষ।হ্যাঁ, এই বিশ্বকাপেই আমরা ভারতের বিপক্ষে ভালো রান করেছিলাম। দক্ষিণ আফ্রিকাও এদিন ওদের বেশি কিছু খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিল। একটা ভালো সুযোগ আমরা পেয়েছিলাম। যে সুযোগ শেষ পর্যন্ত কাজে লাগাতে পারলাম না।ভারতের বিপক্ষে ওই ম্যাচটি বাদে পুরো টুর্নামেন্টে আমাদের ব্যাটিং কিন্তু ভালো হয়নি। ক্রিকেট পার্টনারশিপের খেলা। এখানে বোলিংয়ে পার্টনারশিপ লাগে, ব্যাটিংয়েও। অথচ হিসাব করে দেখলাম, বিশ্বকাপে আমাদের ফিফটি প্লাস পার্টনারশিপ ছয় ম্যাচ মিলে হয়েছে মাত্র ১০টি।ব্যাটিং নিয়ে আমাদের ভাবতে হবে নতুন করে। ভাবতে হবে উইকেট নিয়েও। মিরপুরে যে ধরনের উইকেটে আমরা খেলছি, তাতে আমাদের বোলারদের চেয়ে প্রতিপক্ষই বেশি সুবিধা পাচ্ছে। ভালো মানের বোলিং আক্রমণের বিপক্ষে আমাদের দুর্বলতা একেবারেই পরিষ্কার হয়ে গেল। ‘৫৮’ আর ‘৭৮’ আমাদের নিশ্চয়ই নতুন করে হিসাব করতে বাধ্য করবে।কোচ জেমি সিডন্সের সঙ্গে আমাদের চুক্তির মেয়াদ ফুরোচ্ছে। ও কিন্তু স্পেশালিস্ট ব্যাটিং কোচ। আর এই বিশ্বকাপে আমাদের বোলিং-ফিল্ডিং দুর্দান্ত হলেও ব্যাটিং ভালো হয়নি। সিডন্স তার চার বছরের মেয়াদে আমাদের অনেক এগিয়ে দিয়েছে ঠিকই, তার পরও বিশ্বকাপের ব্যাটিং ব্যর্থতার দায় ওকে নিতে হবে।আমাদের বিশ্বকাপ শেষ হয়ে গেল। তবে সব শেষ হয়ে যায়নি। সামনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ। এই বিশ্বকাপ থেকে আমাদের প্রাপ্তি-অপ্রাপ্তিগুলো নিয়েই এগোতে হবে। সবচেয়ে বড় প্রাপ্তি চাপের মুখে দুটি ম্যাচ বের করে আনা। আবার কাল সাকিবের সংবাদ সম্মেলন থেকে বার্তা পেলাম, চাপের মুখেই নাকি ভেঙে পড়েছে দল।এটাই ছিল আমাদের বিশ্বকাপের ছবি। রোলার কোস্টারের উত্থান-পতন। তবে উত্থান আর পতনে ব্যবধানটা বেশি হয়ে গেছে। তিনতলায় পড়িনি। যেদিন পড়েছি, চারতলা থেকে তিনতলায় নয়, একেবারেই নিচে পড়েছি। ক্রিকেট অভিধানের অন্যতম গুরুত্বপূর্ণ শব্দ কিন্তু ধারাবাহিকতা।