পেছাচ্ছে হকি লিগ
প্রিমিয়ার হকি লিগের দলবদল হওয়ার কথা ছিল ২৬-২৮ এপ্রিল। কিন্তু ঢাকা ও চট্টগ্রামের সিটি করপোরেশন নির্বাচনের অজুহাতে পিছিয়ে দেওয়া হচ্ছে হকি লিগের দলবদল। কবে নাগাদ দলবদলের নতুন তারিখ চূড়ান্ত হতে পারে, তা নিশ্চিত হয়নি। দলবদল পেছানো মানেই আরেক দফা পেছাবে ফেডারেশন কাপ এবং লিগ। ফেডারেশনের এমন সিদ্ধান্তে বেশ ক্ষুব্ধ খেলোয়াড়েরা।
দলবদল পেছানোর প্রসঙ্গে কাল প্রিমিয়ার লিগ কমিটির সম্পাদক কাজী মইনুজ্জামান পিলা জানালেন, ‘সিটি করপোরেশন নির্বাচনের কারণে ক্লাবগুলো চাইছে না ওই সময়ের মধ্যে দলবদল হোক। এ কারণেই আমরা দলবদল পেছানোর সিদ্ধান্ত নিয়েছি। ১২ এপ্রিল লিগ কমিটির আরেকটি সভায় দলবদলের নতুন তারিখ ঘোষণা করা হবে।’
হকিতে দলবদল নিয়ে অচলাবস্থা অনেক দিনের। গত মৌসুম থেকেই খাজা রহমতউল্লাহর কমিটিকে বর্জন করে আসছে মোহামেডান, মেরিনার্স, ওয়ারী ও বাংলাদেশ স্পোর্টিং ক্লাব। এই চার ক্লাবকে মাঠে ফেরানোর উদ্যোগ আসলে ব্যর্থ। এ অবস্থাতেই দলবদলের ঘোষণা দিয়েছে ফেডারেশন। ফেডারেশন সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ এখন অস্ট্রেলিয়ায় রয়েছেন। তিনি এলেই আরেকবার এই ক্লাবগুলোকে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে।
এভাবে বারবার দলবদল ও লিগ পেছানোয় বিরক্তি আছে, তবে সব দল অংশগ্রহণ করলে খেলোয়াড়দের সেটি মানতে আপত্তি নেই। জাতীয় দলের স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমি যেমন বললেন, ‘যদি সব দল নিয়ে লিগ আয়োজনের জন্য আরও ২০ দিনও লিগ পেছায় তাহলেও আমার কোনো আপত্তি নেই। কিন্তু সব ক্লাব যাতে খেলতে পারে সেই উদ্যোগ যেন নেয় ফেডারেশন।’