পেদ্রোও আছে বার্সেলোনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হঠাত্ করেই ধেয়ে আসা পেদ্রো-ঝড়ে দিশেহারা গেটাফে। পরশু ৮ মিনিটের মধ্যেই তিন গোল করে ফেললেন বার্সা উইঙ্গার। হ্যাটট্রিক গোলের পেদ্রো।  রয়টার্স
হঠাত্ করেই ধেয়ে আসা পেদ্রো-ঝড়ে দিশেহারা গেটাফে। পরশু ৮ মিনিটের মধ্যেই তিন গোল করে ফেললেন বার্সা উইঙ্গার। হ্যাটট্রিক গোলের পেদ্রো। রয়টার্স

সামর্থ্য নিয়ে প্রশ্ন ওঠেনি কখনোই। কিন্তু বার্সেলোনায় তারকার ভিড়ে পেদ্রো রদ্রিগেজ প্রথম একাদশে এখনো নিজের জায়গাটা পাকা করতে পারেননি। বার্সার মূল দলে পাঁচ মৌসুম ধরে খেললেও এখনো অধিকাংশ ম্যাচেই তাঁকে নামতে হয় বদলি হিসেবে। নিয়মিত শুরুর একাদশে খেলার জোরালো দাবি অবশেষে জানালেন দুর্দান্ত এক হ্যাটট্রিক করে।
হ্যাটট্রিক আগেও করেছেন। তবে পরশু গেটাফের বিপক্ষে তাঁর আট মিনিটে পাওয়া হ্যাটট্রিকের মাহাত্ম্য অন্য রকম। মেসি-নেইমার নেই, তার ওপর ১৪ মিনিটেই ২-০ গোলে পিছিয়ে পড়েছে দল। বার্সা শিবিরে তখন লিগে দ্বিতীয় হার এবং শীর্ষস্থান হাতছাড়া হওয়ার শঙ্কা। কিন্তু বড়দিনের ছুটির আগে বছরের শেষ ম্যাচে পেদ্রো তা হতে দেননি। ৩৫ থেকে ৪৩—আট মিনিটেই করে ফেলেন মৌসুমে দ্বিতীয় হ্যাটট্রিক। পরের দুটি গোলেও রয়েছে তাঁর অবদান। মেসি-সানচেজকে পেছনে ফেলে বার্সার পক্ষে লিগে সবচেয়ে বেশি গোল এখন পেদ্রোর—১০টি। সঙ্গে সেস্ক ফ্যাব্রিগাসের জোড়া গোলে বার্সা মাঠ ছাড়ে ৫-২-এ ম্যাচ জিতে। ২-০-তে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত বড় জয়ে খুশি জেরার্ডো মার্টিনোও। বার্সার আর্জেন্টাইন কোচ পেদ্রোকে ভাসিয়েছেন প্রশংসায়, ‘তার মনোভাব অসাধারণ, কখনোই সে হাল ছেড়ে দেয় না।’ পেদ্রো খুশি দলের জয়ে অবদান রাখতে পেরে, ‘জয়, গোল এবং দলকে সাহায্য করতে পেরে আমি খুশি।’
জয় পেয়েছে রিয়াল মাদ্রিদও। গ্যারেথ বেলবিহীন রিয়ালের জয়টা অবশ্য কষ্টার্জিত। অ্যাঙ্গেল ডি মারিয়া, ক্রিস্টিয়ানো রোনালদো ও হেসে রদ্রিগেজের গোলে কার্লো আনচেলত্তির দল ভ্যালেন্সিয়ার মাঠ থেকে ফিরেছে ৩-২ গোলে জিতে।
২৮ মিনিটে রিয়ালকে প্রথম এগিয়ে দেন অ্যাঙ্গেল ডি মারিয়া। ছয় মিনিট পর গোলটা শোধ দেন পাবলো পিয়াত্তি। ৪০ মিনিটে ডি মারিয়ার ক্রস হেডে গোল করে ক্রিস্টিয়ানো রোনালদো করেন ২-১। ম্যাচে তাঁর গোল একটিই। ফলে ডিয়েগো কস্তার চেয়ে এক গোল কম নিয়েই বড়দিনের ছুটিতে যেতে হলো পর্তুগিজ ফরোয়ার্ডকে। লিগে কস্তার গোল ১৯, রোনালদোর ১৮টি। ৬২ মিনিটে ভ্যালেন্সিয়া সমতা ফেরানোর পর ৮২ মিনিটে গোল করে দলকে পয়েন্ট খোয়ানোর হাত থেকে বাঁচিয়েছেন হেসে রদ্রিগেজ। ম্যাচ জেতানো গোল করে ২০ বছর বয়সী উইঙ্গার উচ্ছ্বসিত, ‘আমার স্বপ্ন পূরণ হয়েছে। আজ আমি খুব খুশি। কারণ আমার গোলটাই ম্যাচ জিতিয়েছে। উদ্যাপনের সময় আমি জিদানকে খুঁজছিলাম। তার সমর্থনই আমাকে সবচেয়ে বড় অনুপ্রেরণা জুগিয়েছে।’ বার্সা-অ্যাটলেটিকোর চেয়ে ৫ পয়েন্ট পেছনে থেকে বছর শেষ করল রিয়াল। ১৭ ম্যাচে বার্সা-অ্যাটলেটিকো দুই দলের পয়েন্ট সমান ৪৬। রিয়ালের ৪১। তার পরও আশায় থাকছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি, ‘মৌসুমের প্রথমার্ধটা যেভাবে কাটল, তাতে আমি সন্তুষ্ট এবং ২০১৪ সাল নিয়ে রোমাঞ্চিত। বছরটি রিয়াল মাদ্রিদের জন্য হতে পারে অসাধারণ।’ এএফপি।