পেদ্রোর গোলে হার এড়ালো রিয়াল
রিয়ালের কোচের দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত হারের সঙ্গে পরিচয় ঘটেনি কোচ হোসে মরিনহোর। কাল সান সিরোতে এসি মিলানের বিপক্ষে তেমন একটা ব্যাপারই ঘটতে যাচ্ছিল। তবে শেষ মুহূর্তে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রো লিয়ন মান বাঁচিয়েছেন রিয়ালের, একই সঙ্গে মরিনহোর। এসি মিলানের সঙ্গে ২-২ গোলে ড্র করে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে সান্তিয়াগো বার্নাব্যুর দলটি।সান সিরোর সঙ্গে হোসে মরিনহোর সম্পর্কটা অনেক পুরোনো। ইন্টার মিলানের কোচ হিসেবে এখানেই সফল দুটি বছর কাটিয়েছেন তিনি। এসি মিলানের বিপক্ষে জিততে পারলে প্রত্যাবর্তনটা আরও স্মরণীয় হতে পারত মরিনহোর। কিন্তু জেতা তো দূরের কথা, হারের লজ্জা মাথায় নিয়ে যে মাদ্রিদে ফিরতে হয়নি তার জন্য পেদ্রোকে ধন্যবাদ দিতে পারেন এই ‘স্পেশাল ওয়ান’। প্রথমার্ধের শেষ মুহূর্তে গঞ্জালো হিগুয়েইনের গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে রোনালদিনহোর বদলি হিসেবে মাঠে নেমে ৬৮ আর ৭৮ মিনিটে দুটি গোল করে ম্যাচের হিসাব-নিকাশ পাল্টে দেন ফিলিপ্পো ইনজাঘি। এসি মিলানের কাছে মরিনহোর দর্প চূর্ণ হতে যাচ্ছে—মাঠে সবার যখন এমনই ধারণা, ঠিক সে সময়ে করিম বেনজেমার পাস থেকে পেদ্রো ম্যাচের একেবারে শেষ মুহূর্তে রিয়ালকে নিশ্চিত পরাজয় থেকে রক্ষা করেন।২-২ গোলে ড্র করে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে রিয়াল। টানা চতুর্থ জয় পেয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে চেলসি আর বায়ার্ন মিউনিখও। চেলসি ৪-১ গোলে স্পার্টার্ক মস্কোকে আর মারিও গোমেজের হ্যাটট্রিকে বায়ার্ন ৪-০ গোলে হারিয়েছে নাপোকাকে।