পেদ্রোর জোড়া গোলে বার্সেলোনার জয়
মেসি না থাকলে বার্সেলোনা খেলতেই পারে না—ব্যাপারটা এমন না, কিন্তু মেসির উপস্থিতি যে একটা ভিন্ন আবহ তৈরি করে, সেটা আরেকবার বোঝা গেল গতকাল লাভেন্তের বিপক্ষে ম্যাচটায়। শীতকালীন ছুটি শেষ করে এখনো দলের সঙ্গে যোগ দেননি মেসি। তাই বার্সাকে তাদের বছরের প্রথম ম্যাচটা শুরু করতে হলো দলের মূল অস্ত্রকে মাঠের বাইরে রেখেই। এতে অবশ্য কাতালানদের জয় আটকায়নি। কিন্তু লিগের আগের ম্যাচগুলোয় প্রতিদ্বন্দ্বীকে রীতিমতো গোলবন্যায় ডুবিয়ে যেভাবে জয় তুলে আনত তারা, সেটা দেখা যায়নি এই ম্যাচে। এবার তারা জয় পেয়েছে ২-১ ব্যবধানে। বার্সেলোনার দুটি গোলই করেছেন স্প্যানিশ স্ট্রাইকার পেদ্রো।বরাবরের মতো গতকালও ন্যু ক্যাম্পে প্রথম থেকেই আধিপত্য ছিল বার্সেলোনার। গোল করার প্রচুর সুযোগও সৃষ্টি করেছিল তারা। সাত মিনিটের মাথায় ইনিয়েস্তার একটা জোরালো শট চমত্কার দক্ষতায় রুখে দেন লাভেন্তে গোলরক্ষক ম্যানুয়েল রেইনা। সাত মিনিট পরে ভিয়ার একটা শটও গোলপোস্টের ধার ঘেঁষে চলে যায় বাইরে। মেসির বদলি হিসেবে মূল একাদশে জায়গা পাওয়া বোজান কিরকিচও চমত্কার দুটি গোলের সুযোগ নষ্ট করলে গোল-শূন্য সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধের খেলা।দ্বিতীয়ার্ধে অবশ্য খুব বেশিক্ষণ গোলবঞ্চিত থাকতে হয়নি গতবারের শিরোপা জয়ীদের। ৪৭ আর ৫৯ মিনিটে দুটি গোল করে বার্সাকে এগিয়ে দেন পেদ্রো। দুটি গোলই তিনি করেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেসের পাস থেকে। ৬৭ মিনিটে পেদ্রোর একটা শট গোলপোস্টে লেগে ফিরে না এলে হ্যাটট্রিকও পেয়ে যেতে পারতেন এই স্প্যানিশ স্ট্রাইকার। ৮০ মিনিটে একটি গোল শোধ করেন লাভেন্তে স্ট্রাইকার ক্রিশ্চিয়ান স্টুয়ানি।গত মাসেই কিংস কাপে লাভেন্তেকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে জিতেছিল রিয়াল মাদ্রিদ। সেই জায়গায় নিজেদের মাঠে ওই দলের বিপক্ষেই ২-১ গোলের সাদামাটা জয় নিয়ে অনেক বার্সা সমর্থকই খুব একটা সন্তুষ্ট হতে পারেননি। কোচ পেপ গার্দিওলা অবশ্য সেটা নিয়ে খুব বেশি ভাবছেন না। গোল বেশি করতে না পারলেও দল যে খারাপ খেলেনি, প্রচুর গোলের সুযোগ সৃষ্টি করতে পেরেছিল, এতেই তিনি খুশি। রয়টার্স।