পেদ্রোর হ্যাটট্রিক, বড় জয় বার্সার

জিতেই চলেছে বার্সেলোনা। পেদ্রোর হ্যাটট্রিকে গত রাতে রায়ো ভায়েকানোকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
স্কোরলাইনটাই বলে দিচ্ছে, এ ম্যাচে বার্সেলোনার সামনে কতটা অসহায় ছিল ভায়েকানো। বার্সার চার গোলের তিনটিই এসেছে পেদ্রোর পা থেকে। ভায়েকানোকে রীতিমতো নাকালই হতে হয়েছে এই স্প্যানিশ ফরোয়ার্ডের কাছে। তাঁর দুটি গোল আসে প্রথমার্ধে (৩৩ ও ৪৭ মিনিট), একটি দ্বিতীয়ার্ধে (৭২ মিনিট)। ৮০ মিনিটের মাথায় ভায়েকানোর কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন সেস ফ্যাব্রিগাস।
মেসি-নেইমার জুটি কাল প্রথম থেকেই মাঠে ছিল। প্রথম থেকেই এই জুটির কল্যাণে ভায়েকানোর ওপর আক্রমণ ঝাঁপিয়েছে বার্সেলোনা। নিজেরা গোলের দেখা না পেলেও পেদ্রোর হ্যাটট্রিকে অবদান রাখেন তাঁরা। পেদ্রোর প্রথম গোলটিতে অবদান ছিল মেসির, আর তৃতীয় গোলে নেইমারের। মাঝের গোলটি পেদ্রো করেন ফ্যাব্রিগাসের সহায়তায়।
এ ম্যাচে হেসেখেলে জিতলেও বল নিয়ন্ত্রণের ক্ষেত্রে পিছিয়ে ছিল বার্সা। বল মেসি-নেইমারদের দখলে ছিল ৪৯ শতাংশ। অন্যদিকে ভায়েকানোর দখলে ছিল ৫০ শতাংশ। গত পাঁচ বছরে এই প্রথম বল দখলের হারে ৫০ শতাংশের নিচে নামল স্প্যানিশ চ্যাম্পিয়নরা। ভিন্ন এই অভিজ্ঞতাটা তাদের হলো ৩১৬ ম্যাচ পর। এর আগে কোনো ম্যাচে বার্সার ফুটবলারদের পায়ে ৫০ শতাংশের নিচে বলের দখল ছিল ২০০৮ সালের ৭ মে, রিয়াল মাাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতে।
ম্যাচশেষে কোচ মার্টিনো স্বীকার করেন, ভায়েকানো বেশ চাপে রেখেছিল তাঁদের। বার্সা কোচের ভাষায়, ‘ভায়েকানো আমাদের প্রচুর চাপে রেখেছিল। ছোট ছোট পাসে বল নিজেদের দখলে রাখা প্রায়ই কঠিন হয়ে দাঁড়িয়েছিল।’
গত রাতের জয়ের সুবাদে লা লিগায় বার্সার শীর্ষস্থানটা সুসংহত হলো আরও। পাঁচ ম্যাচে মেসিদের অর্জন পুরো ১৫ পয়েন্ট। অ্যাটলেটিকো মাদ্রিদের অর্জনও ১৫ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে বার্সা। ভিয়ারিয়াল ও রিয়াল মাদ্রিদের অবস্থান যথাক্রমে তৃতীয় ও চতুর্থ। দুটি দলেরই চার ম্যাচে অর্জন ১০ পয়েন্ট। নামের পাশে ৬ গোল নিয়ে ব্যক্তিগত নৈপুণ্যে এগিয়ে আর্জেন্টাইন জাদুকর মেসি। গত রাতে হ্যাটট্রিক করে এক লাফে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন পেদ্রো। তাঁর গোলসংখ্যা এখন ৫। সমানসংখ্যক গোল করেছেন অ্যাটলেটিকো মাদ্রিদের ফরোয়ার্ড দিয়েগো কস্তা। সূত্র: রয়টার্স।