পেনাল্টি এড়াতে চায় স্পেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেনাল্টি শুট আউট নয়, নির্ধারিত সময়েই শেষ হোক খেলা। ইতালির বিপক্ষে ইউরোর ফাইনালের আগে এমনটাই চাওয়া বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের। গোল ডটকমের খবরে এ কথা বলা হয়েছে।সেমিফাইনালে পর্তুগালের বিপক্ষে পেনাল্টি ভাগ্যকে জয় করেই ফাইনালের মঞ্চে উঠে আসে স্পেন। তবে ফাইনালের আগে স্পেনের তারকা ডিফেন্ডার সার্জিও র‌্যামোস জানিয়েছেন শিরোপা-নির্ধারণী লড়াই পেনাল্টি শুট আউটে নিয়ে যেতে চায় না স্পেন। র‌্যামোস বলেন, ‘সত্যি বলতে আবারও পেনাল্টি শুট আউটে যেতে চাই না। জয় পেতে আমরা উদগ্রীব। এর জন্য সবকিছু ঠিকঠাকভাবে করতে হবে। প্রতিপক্ষ ইতালির প্রতি অনেক শ্রদ্ধা রয়েছে আমাদের।’২০০৮ সালের ইউরো চ্যাম্পিয়ন স্পেন। ২০১০ সালের বিশ্বকাপ জয়ের কৃতিত্বও স্প্যানিশদের। কাল ইতালিকে হারাতে পারলে ইউরো-বিশ্বকাপ-ইউরো জয়ের রেকর্ড গড়বে স্পেন। গত ইউরো ও বিশ্বকাপজয়ী দলের সদস্য র‌্যামোস বলেন, ‘অবশ্যই ইতিহাস গড়ার কথা ভাবছি আমরা। তবে রোববার কী ঘটবে, এটা নিয়ে মাথাব্যথা নেই আমাদের। কারণ এরই মধ্যে ইতিহাস গড়ে ফেলেছি আমরা। হার-জিত যা-ই হোক না কেন, গোটা দেশ আমাদের নিয়ে গর্ব করবে।’স্পেনের শিরোপা জয়ের ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়াতে পারেন ইতালির প্লেমেকার আন্দ্রেয়া পিরলো। তবে রিয়াল মাদ্রিদের তারকা র‌্যামোস মনে করেন, ইতালিকে শুধু পিরলো-নির্ভর দল ভাবলে ভুল হবে।র‌্যামোস বলেন, ‘পিরলো অনন্য ফুটবলার। ইতালির সেরা খেলোয়াড়দের মধ্যে অন্যতম। তবে ও একা আমাদের জন্য হুমকি নয়। পিরলোর মতো হুমকি আরও আছে। দলগত প্রচেষ্টার মাধ্যমেই ফাইনালে উঠে এসেছে ইতালি। তাই শুধু একজনকে নিয়ে ভাবলে হবে না আমাদের।’