পেনাল্টি কর্নারই গড়ে দিচ্ছে ব্যবধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাহনী-মোহামেডান-ঊষাকে আটকাতে পারছে না ছোট দলগুলো। মওলানা ভাসানী স্টেডিয়ামে চলমান ক্লাব কাপ হকিতে তাই কোনো উত্তাপ নেই। তবে বড় দলগুলো মুখোমুখি হলে ছবিটা বদলাতে পারে। সে জন্য খুব বেশি অপেক্ষা করতে হচ্ছে না। আগামী পরশুই আবাহনী-মোহামেডান লড়াই। এই ম্যাচ নির্ধারণ করবে গ্রুপ চ্যাম্পিয়ন কারা। কাল টানা তৃতীয় জয় পেয়ে দুই প্রধানই উঠে গেছে সেমিফাইনালে। অ্যাজাক্সকে ৯-০ ও পুলিশকে ১৪-১ গোলে উড়িয়ে দেওয়া মোহামেডানের সামনে এদিন ‘দাঁড়াতে’ পারেনি মেরিনার ইয়াংসও। ম্যাচের ফল অন্তত সেটাই বলছে। ব্যবধান ৫-০। পুলিশকে ৭-১ ও মেরিনার্সকে ৫-২ গোলে হারানো আবাহনী কাল অ্যাজাক্সকে হারিয়েছে ৫-১ গোলে। মোহামেডানের বিপক্ষে তুলনামূলক ভালো খেলেছে মেরিনার্স। কিন্তু মোহামেডান জিতে গেছে ৮ পেনাল্টি কর্নারের চারটি কাজে লাগিয়ে। সবগুলোই করেছেন মামুনুর রহমান (চয়ন)। তাঁর নিখুঁত ড্র্যাগ ফ্লিক আটকাতে পারেনি মেরিনার্স। প্রথম চার গোলই করেছেন মামুনুর। টুর্নামেন্টে তাঁর গোল ৭টি। মোহামেডানের পঞ্চম গোলটি ফিল্ড গোল, যেটি করেছেন স্ট্রাইকার রাসেল মাহমুদ (জিমি)।বিকেএসপির তরুণদের নিয়ে গড়া আবাহনীও জিতল পেনাল্টি কর্নার কাজে লাগিয়ে। ৯টি পেনাল্টি কর্নারের চারটিতে গোল হয়েছে। কালকের একাদশের ৮ জনই ছিল এইচএসসি পরীক্ষার্থী। ‘কষ্টই’ হচ্ছে ছেলেদের। তবু খেলে যাচ্ছে তারা এবং গোল পাচ্ছে। নিলয় করলেন দুই গোল। পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ আসাদুজ্জামান (চন্দন) তাঁর দুই গোলের একটি করেছেন পেনাল্টি কর্নার থেকে। অন্য গোলটি মাইনুলের। বীমার পক্ষে এক গোল শোধ করেন শহীদুল্লাহ খোকন।