পেনাল্টি নিয়ে ভাবে না জার্মানি
টাইব্রেকার নামক স্নায়ুক্ষয়ী ভাগ্যপরীক্ষার খেলা নিয়ে বেশি ভেবে লাভ নেই। বরং ‘যা হবার হবে’ তত্ত্বে বিশ্বাসী হয়ে মাঠের খেলা নিয়ে চিন্তাটাই বেশি কার্যকর বলে মনে করেন জার্মান গোল কিপিং কোচ আন্দ্রেস কোপে। কোপে ম্যাচের আগে পেনাল্টি শুট-আউট অনুশীলনেরও পক্ষপাতী নন। কারণ তাঁর মতে, ম্যাচের পরিবেশ-পরিস্থিতিতে খেলোয়াড়দের মনোজাগতিক ব্যাপারগুলো কখনোই অনুশীলনের শান্ত-নিবিড় পরিবেশে নিয়ে আসা সম্ভব নয়। সে কারণে, নক-আউট ম্যাচের আগে টাইব্রেকার অনুশীলন করাটা সময় নষ্ট ছাড়া আর কিছুই নয়।আগামী বৃহস্পতিবার ওয়ারশতে ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জার্মানি মুখোমুখি হবে ইতালির। প্রতিপক্ষ ইতালির টাইব্রেকার ভাগ্য অত্যন্ত ভালো। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে এই টাইব্রেকারে হারিয়েই তারা স্থান করে নিয়েছে সেমিতে। প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধা থাকলেও টাইব্রেকার নিয়ে আলদা কোনো অনুশীলন পরিকল্পনা জার্মান দলের নেই বলেই জানিয়েছেন আন্দ্রেস কোপে।‘আসলে ব্যাপারটি একেবারেই অসম্ভব। মাঠে এ ধরনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ ১২০ মিনিট খেলার পর একজন খেলোয়াড় যে ধরনের মানসিক চাপে থাকেন। তাঁর পারিপার্শ্বিকতা যে ধরনের হয়, সেটা অনুশীলনের মাঠে নিয়ে আসা আক্ষরিক অর্থেই সম্ভব নয়।’ বলেছেন কোপে।পেনাল্টি নিয়ে আলাদা অনুশীলন পরিকল্পনা না থাকার কথা বললেও কোপে স্বীকার করেছেন, জার্মান গোলরক্ষক নয়্যারকে ইতালীয় খেলোয়াড়দের সম্পর্কে ভালোভাবেই ব্রিফ করা হচ্ছে। তিনি জানিয়েছেন, ‘নয়্যার পেনাল্টিতে অভিজ্ঞ। কিন্তু তার পরও আমরা ইতালির প্রতিটি খেলোয়াড়ের অভ্যাস, তাঁরা কীভাবে স্পট কিক নেন ইত্যাদির ব্যাপারে তাঁকে জানানো হচ্ছে। একই সঙ্গে জার্মান খেলোয়াড়দের ইতালির গোলরক্ষক জিয়ানলুইগি বুফন সম্পর্কেও জানানো হচ্ছে।’ইংল্যান্ডের বিপক্ষে আন্দ্রেয়া পিরলোর সেই অসাধারণ স্পট কিকটি নিয়ে প্রশংসাই ঝরেছে কোপের কণ্ঠে। তিনি বলেছেন, ওই স্পট কিকটি নিতে অনেক সাহসের প্রয়োজন হয়। পিরলোর শটটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে তাঁর মান। সে একজন অসাধারণ ফুটবলার। ইংল্যান্ডের পরাজয় সম্পর্কে একটু কঠোর মনোভাবই জার্মান গোল কিপিং কোচের। তিনি বলেন, ‘ইংল্যান্ড নিজেই নিজের পরাজয়ের জন্য দায়ী।’সবশেষে কোপের প্রত্যাশা, ইতালির বিপক্ষে সেমিফাইনাল ম্যাচটি টাইব্রেকারে যাবে না। তিনি বলেন, ‘জার্মান দলটি তরুণ হলেও এই দলের খেলোয়াড়েরা অভিজ্ঞ। দীর্ঘদিনের অভিজ্ঞতায় পরিপক্ব এই দল টাইব্রেকারের আগেই ম্যাচ বের করে নিতে সক্ষম। আশা করছি, খেলাটি টাইব্রেকারে যাবে না। কারণ, নিজের খেলোয়াড়ি অভিজ্ঞতা থেকে জানি, খেলোয়াড়েরা টাইব্রেকারকে ঘৃণাই করে।’ ওয়েবসাইট।