পেনাল্টি-ভাগ্যে অ্যাটলেটিকোর জয়
বার্সেলোনার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। লা লিগায় গত রাতে গ্রানাডাকে ২-১ গোলে হারায় ক্লাবটি। দুটি গোলই আসে পেনাল্টি থেকে।
ম্যাচের প্রথম গোলটি অ্যাটলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ড ডিয়েগো কস্তার। ৩৮ মিনিটের ওই গোলটিই প্রথমার্ধের একমাত্র গোল। ৭৮ মিনিটে স্কোরলাইন ২-০ করে ফেলেন ডেভিড ভিয়া। নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত ২-০তেই এগিয়ে থাকে অ্যাটলেটিকো। তবে যোগ করা সময়ের প্রথম মিনিটে একটি গোল শোধ করেন গ্রানাডার ফরোয়ার্ড ইঘালো।
হোক না পেনাল্টি-ভাগ্যে জয়, জয় এসেছে এটাই গুরুত্বপূর্ণ অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ ডিয়েগো সিমোনের কাছে। সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার সাবেক এই মিডফিল্ডারের কণ্ঠে ফুটে উঠল স্বস্তি, ‘আমি আনন্দিত। জয় পাওয়া, জয়ের ধারা অব্যাহত রাখা সহজ কাজ নয়। পয়েন্ট টেবিলে এই লড়াইটা ধরে রাখতে হবে আমাদের।’
গ্রানাডার বিপক্ষে জয়ের সুবাদে ১১ ম্যাচে অ্যাটলেটিকোর পয়েন্ট দাঁড়াল ৩০। পয়েন্ট তালিকায় অবস্থান দ্বিতীয়। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে এক পয়েন্ট পিছিয়ে অ্যাটলেটিকো। অন্যদিকে তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে।
পরশু হ্যাটট্রিক করে ডিয়েগো কস্তাকে ধরে ফেলেছিলেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এক দিন পরই গোলসংখ্যায় আবারও শীর্ষে উঠে গেছেন কস্তা। অ্যাটলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ডের গোলসংখ্যা এখন ১২। ১১ গোল নিয়ে রোনালদো দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে থাকা লিওনেল মেসির গোলসংখ্যা ৮। সূত্র: রয়টার্স।