পেনাল্টি: দুর্ভাগ্যের শিকার অনেক কিংবদন্তিই!
ইতিহাস থেকে আসোমাহ গায়ান সান্ত্বনা পেতেই পারেন। নিজেকে তিনি নিয়ে যেতে পারেন অনেক কিংবদন্তির কাতারে, যাদের ক্ষণিকের ভুল ছারখার করে দিয়েছিল অনেক দলেরই বিশ্বকাপ স্বপ্ন।এবারের বিশ্বকাপে আফ্রিকার পতাকা আরও অনেক দূর টেনে নিয়ে যেতে পারত ঘানা। কিন্তু অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করতে না পেরে সেই স্বপ্নে জল ঢেলে দিলেন আসোমাহ গায়ান। শুধু গায়ানই না, ফুটবল কিংবদন্তিরা অনেকেই ধরাশায়ী হয়েছেন পেনাল্টিতে এসে। বিশ্বকাপের আসরে পেনাল্টি মিস করে অনেকেই পরিণত হয়েছেন নায়ক থেকে খলনায়কে। জিকো, সক্রেটিস, প্লাতিনি, ব্যাজ্জিও কিংবা ফ্রাঙ্কো বারেসি-এসব গ্রেট ফুটবলারেরা পেনাল্টি মিস করে ক্ষণিকের জন্য পরিণত হয়েছিলেন খলনায়কে। আসোমাহ গায়ান তাই নিজেকে এমন সব কিংবদন্তিদের পাশে কল্পনা করেও ঘানার গতকালকের পরাজয়ে কিছুটা প্রলেপ নিলেও নিতে পারেন।বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বিখ্যাত পেনাল্টি মিসগুলোর গল্প বলতে গিয়ে প্রথমেই চলে আসে ১৯৮৬ সাল। মেক্সিকোয় অনুষ্ঠিত সেবারের বিশ্বকাপ ইতিহাসে স্থান করে নিয়েছে একটি বিখ্যাত পেনাল্টি মিসকে কেন্দ্র করে। ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা তারকা সক্রেটিস সেবারের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি মিস করে দলকে ডুবিয়েছিলেন। ব্রাজিল সেবার কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে টাইব্রেকারে ৪-৩ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল। সেই একই ম্যাচে ব্রাজিলের আরেক সুপারস্টার জিকো নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে একটি পেনাল্টি মিস করেছিলেন। সেই ম্যাচেই বিজয়ী ফ্রান্স দলের মিশেল প্লাতিনিও মিস করেছিলেন পেনাল্টি। তবে প্লাতিনির সেই মিসটি খুব একটা ক্ষতির কারণ হয়ে ওঠেনি ফ্রান্স দলের জন্য।১৯৯০ সালের বিশ্বকাপের সেমিফাইনালে ইতালির রবার্তো ডোনাডুনি টাইব্রেকার মিস করেছিলেন আর্জেন্টিনার বিপক্ষে। সেই বিশ্বকাপেই আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা কোয়ার্টার ফাইনালে যুগোস্লাভিয়ার বিপক্ষে টাইব্রেকার মিস করেছিলেন। তবে আর্জেন্টিনার জয়ের পথে অবশ্য বাধা হয়ে দাঁড়ায়নি ম্যারাডোনার সেই মিস।১৯৯৪ সালে গোটা বিশ্বকাপেই অসাধারণ খেলে ইতালিকে ফাইনালে তোলা রবার্তো ব্যাজ্জিও ফাইনালে সবচেয়ে প্রয়োজনীয় সময়ে টাইব্রেকার মিস করে বসেন। ফাইনালে ইতালির রক্ষণভাগের অদম্য সৈনিক ফ্রাঙ্কো বারেসিও ফাইনালে পেনাল্টি মিস করে ইতালির পরাজয়ের খলনায়কে পরিণত হন।গত রাতে উরুগুয়ের বিপক্ষে অতিরিক্ত সময়ের একেবারে শেষ সময়ে আসোমাহ গেয়ানের মিস করা পেনাল্টিটি ঘানার সৌভাগ্যের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। ঘানা সেই দুর্ভাগ্যের শিকার হয়ে টাইব্রেকারেও সৌভাগ্যকে সঙ্গী বানাতে পারেনি। শেষ পর্যন্ত টাইব্রেকারে উরুগুয়ের কাছে ৪-২ গোলে হেরে বিশ্বকাপে আরও একটি দুর্ভাগ্যের প্রতীক হিসেবে নিজেদের ইতিহাসের পাতায় তুলে দিয়েছে ‘কালো তারা’র দল। ফুটবলের সবচেয়ে বড় রহস্যের শিকার হলেও ঘানার ফুটবল আনন্দ দিয়েছে বিশ্বের লাখো কোটি ফুটবলানুরাগীদের। দুর্ভাগ্য নয়, সুন্দর ফুটবলের জন্যই বিশ্বকাপের ইতিহাসে বারবার উচ্চারিত হবে ঘানার নাম।