পেনাল্টি: ফুটবলের এক অপার রহস্য
পেনাল্টি কি ফুটবলের সবচেয়ে বড় রহস্যের নাম? আজ থেকে শুরু হওয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড সামনে নিয়ে এসেছে এই প্রশ্ন। হঠাৎ পেনাল্টি নিয়ে কথা বলার কারণ নিশ্চয়ই এরই মধ্যে ধরে ফেলেছেন সচেতন পাঠকেরা। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে এই পেনাল্টিই হয়ে উঠবে মূল আলোচনার বিষয়। পেনাল্টিই জন্ম দেবে অনেক ঘটনার। কাঁদাবে অনেককে, আনন্দে উদ্বেলিত করে তুলবে লাখো-কোটি সমর্থককে।১৯৮২ সালেই প্রথম। সেইবার ফ্রান্স ও জার্মানির মধ্যকার সেই অবিস্মরণীয় সেমিফাইনালটির ফল নির্ধারিত হয়েছিল পেনাল্টি শুট আউটে। সেদিন থেকেই বিশ্বকাপে এই পেনাল্টির রাজসিক পথচলা। জার্মান গোলরক্ষক হ্যারাল্ড শুমাখার ছিলেন বিশ্বকাপে প্রথম পেনাল্টি ঠেকানোর নায়ক। এরপর বিশ্বকাপে অনেক চমকপ্রদ ঘটনা ও অঘটনের জন্ম দিয়ে চলেছে এই পেনাল্টি। জিকো, সক্রেটিস প্লাতিনির মতো তারকারা পেনাল্টি মিস করেই পেনাল্টিকে নিয়ে গেছেন রহস্যের কিনারে, তবে এই রহস্য ফুটবলকে করেছে সমৃদ্ধ ও রোমাঞ্চিত।বিশ্বকাপের দুটি ফাইনালে শিরোপা নির্ধারিত হয়েছে পেনাল্টিতে। ’৯৪-এর ফাইনালে ব্রাজিল গোলরক্ষক ক্লদিও তাফারেলের কল্যাণে টাইব্রেকারে ইতালিকে পরাজিত করে ২৪ বছর বিশ্বের সবচেয়ে প্রার্থিত শিরোপাটি নিজেদের করে নেয়। সেবার ইতালিকে ফাইনালে তোলার নায়ক রবার্তো ব্যাজ্জিও টাইব্রেকার মিস করেই ডুবিয়েছিলেন ‘আজ্জুরি’দের। নিজেকে জিকো, সক্রেটিসদের কাতারে নিয়ে গিয়ে ব্যর্থ হয়েছিলেন পেনাল্টি রহস্যের জাল ভেদ করতে।সর্বশেষ ২০০৬ সালেও বিশ্বকাপের শিরোপা নির্ধারিত হয়েছে টাইব্রেকারে। এবার অবশ্য পেনাল্টি ইতালিকে শূন্যহাতে ফেরায়নি। ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়েই চতুর্থবারের মতো বিশ্বকাপ জিতে নেয় তারা।পেনাল্টি সব সময়ই গোলরক্ষকদের বানিয়েছে হিরো। তাফারেল, সার্জিও গয়োকোচিয়া, হ্যারাল্ড শুমাখার, বোদে ইলগনার কিংবা জিয়ানলুইজি বুফনদের ফুটবল বিশ্ব চিরদিন মনে রাখবে এই পেনাল্টি ঠেকানোর জন্যই। পেনাল্টি ঠেকিয়েই বিশ্বকাপের ‘হল অব ফেমে’ স্থান করে নিয়েছেন এই গোলরক্ষকেরা।মূলত গোলরক্ষকেরাই পেনাল্টির সময় হয়ে ওঠেন দলের আশা-ভরসার প্রতীক। জার্মানির হয়ে ৮৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলা অলিভার কান ব্যাপারটি খুব ভালো করেই জানেন। নিজ ক্লাব বায়ার্ন মিউনিখের হয়েও তাঁর রয়েছে অনেক পেনাল্টি ও টাইব্রেকারের অভিজ্ঞতা। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেছেন পেনাল্টি নিয়ে তাঁর নিজস্ব চিন্তাভাবনা ও পেনাল্টি ঠেকানোর নিজস্ব পদ্ধতি সম্পর্কে। অলিভার কান মনে করেন, পেনাল্টি শটের সময় একজন গোলরক্ষক এবং পেনাল্টি নিতে যিনি আসবেন, তাঁর মধ্যে একটি মনস্তাত্ত্বিক লড়াই চলতে থাকে। এই লড়াইয়ে বিজয়ের মধ্য দিয়েই একজন গোলরক্ষক পেনাল্টি ঠেকাতে পারেন।অলিভার কান রয়টার্সকে জানিয়েছেন, পেনাল্টি শট নেওয়া খেলোয়াড়ের শরীরী ভাষা পড়ে নেওয়া একজন গোলরক্ষকের অবশ্য কর্তব্য বিষয়। চোখের অভিব্যক্তি দিয়েও অনেক কিছু বোঝা যায়, বিশেষ করে পেনাল্টি নেওয়া খেলোয়াড়টি গোলবারের কোনদিকে বল মারবেন, সেটা চোখের অভিব্যক্তি দিয়েই বুঝে নিতে হয়।অলিভার কান অবশ্য বলেছেন, পেনাল্টি ঠেকানোর ব্যাপার নিয়ে অনেক গবেষণা হতে পারে। কিন্তু মাঠে এর অনেক কিছুই কাজে লাগে না। তিনি নিজের অভিজ্ঞতা থেকে একটি ম্যাচের টাইব্রেকারের মুহূর্ত বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ২০০১ সালের চ্যাম্পিয়নস লিগের বায়ার্ন মিউনিখ ও ভ্যালেন্সিয়ার ফাইনাল খেলাটির কথা। সেখানে নাকি তিনি টাইব্রেকারের আগে কোচ সেপ মেইয়ারের সঙ্গে পেনাল্টি ঠেকানোর বিভিন্ন কৌশল নিয়ে আলাপ করেছিলেন। কিন্তু টাইব্রেকারের সময় গোলবারের নিচে দাঁড়িয়ে সবকিছুই ভুলে যান। তখন তাঁর সঙ্গী হয়েছিল কেবল অখণ্ড মনোযোগ। গভীর মনোযোগ দিয়েই তিনি দুটি পেনাল্টি ঠেকিয়ে নিজ ক্লাব বায়ার্ন মিউনিখকে চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছিলেন। কান বলেন, ‘সেদিন পেনাল্টির সময় আমি দর্শকদের চিৎকার থেকেও মনোযোগ সরিয়ে নিয়েছিলাম। আমার পুরো মনোযোগ ছিল কেবল ভ্যালেন্সিয়ার যেসব খেলোয়াড় পেনাল্টি নিচ্ছিলন, তাঁদের দিকে। টাইব্রেকারের আগে কোচের সঙ্গে পেনাল্টি-সংক্রান্ত কিছু নিয়ে আলাপ করেছিলাম। কিন্তু আসল সময়ে দেখলাম আমার কিছুই মনে নেই।’অলিভার কানের কথার সঙ্গে সুর মিলিয়েই বলতে হয়, পেনাল্টি কোনো ছক বাধা গবেষণার বিষয় নয়। এটি ফুটবলের চিরন্তন এক রহস্যই। তবে রহস্য থাকাটাই বোধহয় দর্শকদের জন্য বেশি ভালো। একে বিজ্ঞান বানিয়ে রহস্যের রোমাঞ্চ থেকে দর্শকদের বঞ্চিত না করাটাই বোধহয় ভালো।