পেনাল্টিতে সর্বনাশ মিলানের
বার্সেলোনা ৩মিলান ১বায়ার্ন ২মার্শেই ০বার্সেলোনা সব মিলিয়ে ৩-১-এ জয়ীবায়ার্ন সব মিলিয়ে ৪-০-তে জয়ীগোলের পর বাচ্চাদের মতো বুড়ো আঙুল চুষতে শুরু করে দেন। এই গোল উদ্যাপন আন্দ্রেস ইনিয়েস্তার সঙ্গী হয়েছে গত বছরের এপ্রিল থেকে, যেবার বাবা হলেন বার্সেলোনা তারকা। এভাবেই সন্তানকে গোল উৎসর্গ করেন। এ সপ্তাহেই টানা দুই ম্যাচে এই ভঙ্গিতে খুঁজে পাওয়া গেল ইনিয়েস্তাকে। স্প্যানিশ লিগের গত ম্যাচের পর পরশু চ্যাম্পিয়নস লিগেও গোল করলেন। তাঁর গোলেই বিশ্বকাপ জিতেছিল স্পেন। এবার ইনিয়েস্তার গোল বার্সেলোনাকে রেকর্ড ছোঁয়া টানা পাঁচবারের মতো তুলে দিল সেমিফাইনালে। স্কোরকার্ড অবশ্য বলবে ইনিয়েস্তা না গোল করলেও হতো। পেনাল্টি থেকে করা লিওনেল মেসির দুটি গোলই যথেষ্ট ছিল। ২-১-এ জিতলেও তো চলত স্বাগতিকদের। কিন্তু ফলাফল সব সময় সঠিক ছবি তুলে ধরে না। ২-১-এ পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করা মিলান শুরুতেই পাল্টা আঘাত হানতে চেয়েছিল। সফলও হয়তো হতো রেফারির চোখ একটি পেনাল্টি এড়িয়ে না গেলে। মিলান যখন এভাবে চোখ রাঙাচ্ছে, গ্যালারিতে যখন ২-২ ড্রয়ের শঙ্কা কাঁপুনি ধরাচ্ছে সমর্থকের মনে, সেই সময়ই ইনিয়েস্তার গোল ম্যাচটার কপাট বন্ধ করে দিল সপাটে। ৫৩ মিনিটের গোলটিতেই নিশ্চিত হয়ে গেল, মিলানের পক্ষে আর ঘুরে দাঁড়ানো সম্ভব নয়।এমনিতে মিলান যে ম্যাচে খুব ভালো সুযোগ তৈরি করেছিল তা-ও নয়। সব মিলে ৩টি শট নিয়েছিল, যার মাত্র একটি গোলে। ৩২ মিনিটে ওই শট থেকেই গোল এনেছেন আন্তোনিও নসেরিনো। ১১ মিনিটে মেসির পেনাল্টি গোলে এগিয়ে যাওয়া বার্সার সেই প্রথম ধাক্কা। কিন্তু নসেরিনো সমতা ফেরানোর ৯ মিনিটের মাথায় আরেকটি পেনাল্টি। এবারও মেসির গোল। রিপ্লে অবশ্য বলছে, অন্তত দ্বিতীয় পেনাল্টির বেলায় কঠোর ছিল রেফারির সিদ্ধান্ত। কর্নারের সময় বুসকেটসের জার্সি ধরে টান মারা আইনের চোখে পেনাল্টি-যোগ্য অপরাধ। বেশির ভাগ ক্ষেত্রে এ ধরনের ‘অপরাধ’ দেখেও দেখেন না রেফারিরা। প্রথম লেগেও যেমন বার্সা এমন একটা পেনাল্টি পায়নি। ওই ম্যাচে বার্সা পায়নি আরেকটি নিশ্চিত পেনাল্টি। প্রথম লেগের ওই অপ্রাপ্তি যেন দ্বিতীয় লেগে সুদসমেত ফেরত দিল ভাগ্য।তাই বলে বার্সার এই জয় ভাগ্যপ্রসূতও নয়। ম্যাচে অনেক সুযোগ তৈরি করেছে তারা। অনেক সুযোগ হাতছাড়াও করেছে। প্রথম ১০ মিনিটেই স্বভাববিরুদ্ধ দুটি মিস করেছেন মেসি। থিয়াগো আর আদ্রিয়ানো শেষের দিকে হাতছাড়া করেছেন সহজ সুযোগ। সব মিলিয়ে ২১টি সুযোগ তৈরি করেছিল বার্সা, যার আটটি শটই ছিল গোলমুখী। পেনাল্টি নিয়ে প্রশ্ন তুললেও খোদ মিলান কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি স্বীকার করে নিয়েছেন যোগ্যতর দল হিসেবেই শেষ চারে যাচ্ছে বার্সা, ‘সব মিলিয়ে জয়টা বার্সার প্রাপ্য ছিল।’ পেপ গার্দিওলারও একই কথা, ‘পরের রাউন্ডে যাওয়াটা আমাদের প্রাপ্য ছিল। দলের পারফরম্যান্স আর ম্যাচের নিয়ন্ত্রণ আমরা যেভাবে করেছি, বিশেষ করে তৃতীয় গোলটার পর, তাতে আমি খুব খুশি। টানা পঞ্চমবার সেমিফাইনালে ওঠা বিশেষ কিছু। এতেই দলের শক্তি বোঝা যায়। এক-দুই বছর সেমিফাইনালে ওঠাটাই দারুণ। সেই হিসাবে এটি পাঁচবার করে দেখানো বিস্ময়কর।’অন্য ম্যাচে ইভিকা ওলিচের জোড়া গোলে মার্শেইকে পত্রপাঠ বিদায় করে দিয়েছে বায়ার্ন। মারিও গোমেজের দুর্দান্ত ফর্মের কারণে এই মৌসুমে বেশির ভাগ সময় বেঞ্চ গরম করাই ছিল ওলিচের প্রধান কাজ। পরশু অনেককে চমকে দিয়ে চ্যাম্পিয়নস লিগে ১১ গোল করা গোমেজকে বসিয়ে রেখে ওলিচকে সুযোগ দেন বায়ার্ন কোচ। আর প্রথমার্ধেই দুই গোল করে আস্থার প্রতিদান দেন এই ক্রোট ফরোয়ার্ড। বসিয়ে রাখা ঘোড়াগুলোও যখন এমন ছোটে, বোঝাই যায়, রেস জেতার জন্য দলটা কেমন টগবগ করছে। শেষ চারে সম্ভাব্য প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদের জন্য যেন কঠিন প্রশ্নপত্রই সাজাচ্ছে বায়ার্ন! এএফপি, রয়টার্স।