পেন্ডুলামে দুলছে ইতালির ভাগ্য
প্রভাত সব সময় দিনের সঠিক পূর্বাভাস দেয় না। শুরুটা দুর্দান্তই করেছিল ইতালি, বিরতির আগ পর্যন্ত তারাই ক্রোয়েশিয়ার ওপর ছড়ি ঘোরাচ্ছিল। কিন্তু বিরতির পরই সবকিছু আমূল পাল্টে গেল। হঠাৎ গা ঝাড়া দিয়ে ওঠে ক্রোটরা, যেন তখন সম্পূর্ণ নতুন এক দল। প্রাণপণ চেষ্টায় গোল শোধ করে জানান দিল তাদের শেষ আটে ওঠার সংকল্প। এই ড্রয়ের পর ইতালির পরের পর্বে যাওয়ার আশা একটা ধাক্কাই খেল। শেষ ম্যাচে আয়ারল্যান্ডের সঙ্গে জিততে তো হবেই, অন্য ম্যাচের ফলও আসতে হবে পক্ষে। বিরতির আগে অপ্রতিরোধ্য মনে হওয়া দলটি বিরতির পর এমন খেই হারিয়ে ফেলল কেন? অনেকে ইতালির মধ্যে জয়ের অদম্য স্পৃহাটাই দেখতে পাননি। ইতালি কোচ সিজারে প্রানদেল্লি অবশ্য এমন অভিযোগ তুড়ি মেরেই উড়িয়ে দিয়েছেন, ‘আমার মনে হয় না, আত্মনিবেদনের কোনো ঘাটতি ছিল আমাদের। সমস্যাটা হলো, ম্যাচের ৭০ মিনিটের পর দল খানিকটা ক্লান্ত বোধ করতে থাকে।’ প্রথমার্ধেই ইতালি বেশ কিছু সহজ সুযোগ নষ্ট না করলে গোলের ব্যবধানটা আরও বাড়িয়ে নিতে পারত। ফসকে যাওয়া সুযোগগুলোর জন্য প্রানদেল্লি ক্ষোভ প্রকাশ না করলেও আক্ষেপ লুকাতে পারেননি, ‘আমি রাগছি না। তবে যখন সুযোগ পেয়েও খেলাটাকে নিজেদের করে নিতে পারবেন না, তখন সবকিছুই তেতো মনে হবে।’ প্রথমার্ধে অসাধারণ এক ফ্রি-কিক থেকে গোল করা পিরলোও জয় না পাওয়ায় দারুণ হতাশ, ‘ব্যাপারটা লজ্জারই, আমাদের জেতা উচিত ছিল। প্রথমার্ধেই আমরা খেলাটা শেষ করে দিতে পারতাম। দ্বিতীয়ার্ধে আমরা ওদের হাতে ম্যাচের কর্তৃত্ব তুলে দিই। এখন সোমবারের ম্যাচে আমাদের জিততেই হবে।’ ক্রোয়েশিয়া একটি ন্যায্য পেনাল্টি পায়নি, এই অভিযোগ তুলে কোচ স্লাভেন বিলিচ ইংলিশ রেফারি হাওয়ার্ড ওয়েবের সমালোচনা করেছেন। তবে ড্রকেই কেন ন্যায্য ফল মনে করছেন ক্রোয়েশিয়ান কোচ, ‘আমরা সুযোগের অপেক্ষায় ছিলাম। প্রথমার্ধে ওরা ভালো খেলে অনেক সুযোগ সৃষ্টি করেছিল, বিরতির পর আমরাও তা-ই করেছি। জয়ের অনেকটা কাছাকাছিই চলে গিয়েছিলাম। তবে ৪ পয়েন্ট দারুণ ব্যাপার! আমি সন্তুষ্টই। পুরো দেশের কাছেই এই পর্যায়ে এটি অপ্রত্যাশিত ছিল, এখন আমাদের পরের ধাপে যাওয়ার ভালো সম্ভাবনা আছে এবং এটা একটা সাফল্যই।’ অবস্থা এখন এমনই, ইতালি যদি শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে হারায় আর স্পেন-ক্রোয়েশিয়া ম্যাচ ড্র হয়, তাহলে তিন দলেরই পয়েন্ট হবে ৫। তখন কোয়ার্টার ফাইনালে ওঠাটা নির্ধারিত হবে দুই দলের মুখোমুখি ফলাফলে। ইতালি তাদের প্রথম দুটি ম্যাচই ড্র করেছে ১-১ গোলে। এ অবস্থায় স্পেন-ক্রোয়েশিয়া ম্যাচ ২-২ গোলে ড্র হলেই কম গোল করার সুবাদে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে ইতালিকে। ২০০৪ ইউরোতেও ডেনমার্ক-সুইডেন ঠিক ২-২ গোলে ড্র করায় ইতালিকে গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়তে হয়। ঘর যেহেতু একবার পুড়েছেই, সিঁদুরে মেঘ দেখে ভয় তো আজ্জুরিরা পাবেই। ইতালিয়ান সংবাদমাধ্যম এরই মধ্যে আশঙ্কাটা জাগিয়ে তুলেছে। কিন্তু ক্রোয়েশিয়া তাচ্ছিল্যভরেই এসব উড়িয়ে দিয়েছে। এএফপি, রয়টার্স।