পেপকে মেসির বিদায়ী স্যালুট
চতুর্থ গোলটা হতেই ছুটে আসা সতীর্থদের ফাঁকি দিয়ে তিনি ছুটলেন ডাগ-আউটে। অভিমানী শিশুর মতো গিয়ে ঝাঁপিয়ে পড়লেন পেপ গার্দিওলার বুকে। অপত্য স্নেহ আর বন্ধুর মমতায় গার্দিওলাও জড়িয়ে ধরলেন নিজের প্রিয় শিষ্যকে। ঠিক আগের দিন খবর এসেছিল, গার্দিওলার সঙ্গে নাকি সম্পর্কে ফাটল ধরেছে তাঁর! খবরটাকে নিমিষেই মিথ্যা করে দিল আবেগঘন এই দৃশ্য। গোল-উদ্যাপনে বাড়াবাড়ি করলে হলুদ কার্ড দেখানোই নিয়ম। পৃথিবীর কোন রেফারির সাধ্য এমন একটা দৃশ্যে অনাহূত চরিত্র হয়ে ঢুকে পড়ে! আবেগে থইথই সেই দৃশ্যের ফ্রেমে অবশ্য ঢুকে পড়লেন ইনিয়েস্তা-পুয়োলরা। ম্যাচে নিজের চতুর্থ গোল করে পেপ গার্দিওলার চারটি মৌসুমকে এভাবেই ব্যক্তিগতভাবে স্যালুট করলেন লিওনেল মেসি!দল হিসেবে বার্সেলোনা গার্দিওলাকে ন্যু ক্যাম্প থেকে বিদায় জানাল ম্যাচ শেষে। বিদায়ী মঞ্চটাও সাজানো হয়েছিল দারুণভাবে। স্প্যানিশ লিগে লিওনেল মেসি রেকর্ড অষ্টম হ্যাটট্রিক করলেন। লা লিগার ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে গড়লেন এক মৌসুমে ৫০ গোলের কীর্তি। এসপানিওল উড়ে গেল ৪-০ গোলে। শেষে গার্দিওলার হাতে তুলে দেওয়া হলো মাইক্রোফোন। কথা শুরু করতে গিয়ে বারবার থেমে যাচ্ছিলেন গার্দিওলা। মাইক্রোফোন ঠিক আছে কি না, এমন একটা ভান করতে করতে চেষ্টা করে গেলেন চোখের জল লুকানোর। অবশেষে তুমুল করতালির বৃষ্টিতে ভিজে কৃতজ্ঞতা জানালেন গার্দিওলা। ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করতেই পুয়োলের নেতৃত্বে গার্দিওলার দিকে এগিয়ে এলেন খেলোয়াড়েরা। গার্দিওলাও বুঝে গেছেন, পুয়োলদের উদ্দেশ্য কী! কিন্তু তিনি তাতে রাজি নন। বার কয়েক মাথা নেড়ে অসম্মতি জানালেন। পুয়োলকে বুঝি ধমকেও দিলেন। কিন্তু গত চার বছরে গার্দিওলার একান্ত বাধ্য হয়ে থাকা পুয়োলরা এদিন কোনো বাধা মানলেন না। আগের তিন মৌসুমে জয়োৎসব করতে গিয়ে গার্দিওলাকে সবাই মিলে শূন্যে ছুড়ে লোফালুফি করেছেন। এবার লিগ-চ্যাম্পিয়নস লিগ কোনোটাই জেতা হয়নি। তার পরও গার্দিওলাকে নিয়ে চলল শূন্যে ছুড়ে দেওয়ার খেলা। এদিন গার্দিওলাই যেন হয়ে গেলেন মেসিদের সবচেয়ে বড় ট্রফি!বিদায়ী সংবর্ধনার আয়োজন সেখানেই শেষ নয়। পরিকল্পনা ছিল সেন্টার সার্কেলে গার্দিওলাকে মাঝখানে রেখে সবাই হাতে হাত ধরে গোল বৃত্ত বানাবেন। বৃত্তের কেন্দ্রে থাকবেন গার্দিওলা। কিন্তু এবার গার্দিওলার জয় হলো। তিনি মাঝখানে না দাঁড়িয়ে বৃত্তটারই অংশ হলেন। পুয়োলদের সঙ্গে হাত রেখে তৈরি করলেন মানবশেকল। এর পর গোল হয়ে ঘুরল সেই বৃত্ত। গত চার বছরের প্রতীক হয়ে থাকে যদি লিওনেল মেসির পরশুর চার গোল, তবে এই বৃত্ত ঐক্যের প্রতীক। গার্দিওলা কোচ হয়েও আলাদা আলোতে থাকেননি। ফুটবল কোচকেন্দ্রিক খেলা হয়েও তিনি ছিলেন জাভিদের সঙ্গে মিশেই। থাকলেন এদিনও। তাই মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় পেলেন গোটা দলের গার্ড অব অনার।গ্যালারির নানা প্রান্তে ধরা অপটু হাতে লেখা এলোমেলো অক্ষরের ব্যানার-প্ল্যাকার্ডগুলোকেও তখন কী সুন্দরই না লাগছিল। ‘ধন্যবাদ পেপ’, ‘তুমি চিরদিন আমাদের হূদয়েই থাকবে’, ‘তোমার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই আমাদের’, ‘আমরা তোমাকে ভুলব না’, ‘আমরা তোমাকে ভালোবাসি’...। সবচেয়ে প্রার্থিত কথাটা মাঠেই এদিন শুনিয়েছেন গার্দিওলা, দেখা হবে আবার, ‘এই চার বছরে যে অনিঃশেষ ভালোবাসা পেয়েছি, কীভাবে বোঝাই আমি কতটা আনন্দে ভেসে যাচ্ছি! সবাইকেই ধন্যবাদ, বিশেষ করে আমার সবচেয়ে কাছে ছিল যারা তাদের। ভালো একজনের কাছেই দলের দায়িত্ব দিয়ে যাচ্ছি। তবে দেখা হবে শিগগিরই। আমাকে আপনারা কখনোই হারিয়ে ফেলবেন না।’ বার্সা প্রেসিডেন্ট সান্দ্রো রসেলও জানিয়ে দিয়েছেন, বলবয় হিসেবে এই ক্লাবেই যাত্রা শুরু করা গার্দিওলার জন্য বার্সার দরজা খোলা থাকবে সব সময়! এএফপি, রয়টার্স।