পেপসি বনাম কোকা-কোলা

এক.
হাতে ধরা ক্যান খুলল ছেলেটি। চোখে কালো সানগ্লাস, পরনে নীল টি-শার্ট। ক্যানে চুমুক দিয়েই ফুটবলে শট নিল। ফাঁকা পোস্টে গোল দিয়েই ঢুকে পড়ল গলিতে। সেখানেই পেয়ে গেল পিয়ানো। খানিকক্ষণ পিয়ানোতে রিনিকঝিনিক সুর তুলে ক্যান নিয়ে ছুটল রিও শহরের রাস্তায়। ফুটপাতে দাঁড়িয়ে তখন একাগ্র মনে পত্রিকা পড়ছিলেন এক ভদ্রলোক। তাঁর মুখটা অবশ্য চেনার উপায় নেই। পত্রিকাতে ঢাকা। বলা নেই, কওয়া নেই, ছেলেটা পট করে ভদ্রলোকের পত্রিকা ধরে দিল টান! ওরেব্বাস! ভদ্রলোক আর কেউ নন, লিওনেল মেসি! এ সময়ের অন্যতম সেরা ফুটবলার অবশ্য ছেলেটির পাকামোতে এতটুকু বিরক্ত হলেন না; বরং মিষ্টি একটা হাসি ঝুলিয়ে দিলেন।
ছেলেটা এভাবে রাস্তায় একের পর এক দেখা পেল সার্জিও আগুয়েরো, ডেভিড লুইজের। দেখা পেল রবিন ফন পার্সি, জ্যাক উইলশেয়ার, সার্জিও রামোসের। এরপর উঠে পড়ল বাসে। সেখানে একটি মেয়ের সঙ্গে খানিকটা দৃষ্টিবিনিময় করে নেমে পড়ল রাস্তায়। শেষ দৃশ্যে হাজির জনপ্রিয় মার্কিন শিল্পী জ্যানেল মোনাই পারফর্ম করেন ডেভিড বোই’র ‘হিরোজ’ গানটি। গানের তালে নেচে ওঠে পুরো রিও শহর।
দুই.
শুরুতেই পর্দায় দৃশ্যের সঙ্গে ভেসে উঠল ‘দ্য আমাজন’। উদম গায়ে বোটে করে জীবিকার সন্ধানে ছুটছেন এক জেলে (কিংবা অন্য পেশারও হতে পারে)। এর পরের দৃশ্য পূর্ব ইউরোপের। তারপর রামাল্লা, ফিলিস্তিন। এরপর জাপানের অটসুচি। ভূগোল ভিন্ন হলেও মানুষগুলো সবাই এক সুতোয় গাঁথা। সুতোর নাম—ফুটবল। ফুটবল মানুষের সাহস জোগায়। ফুটবল সব কষ্ট ভুলিয়ে দেয়। ফুটবল নিজেদের অস্তিত্বের জানান দেয়। বিচ্ছিন্ন জনগোষ্ঠীকে বিশ্বের সঙ্গে সংযোগ ঘটায়।
হঠাত্ দৃশ্যপটে হাজির এক তরুণী। একে একে বিশ্বকাপের নিমন্ত্রণপত্র দেওয়া হলো ভিন্ন ভূগোলের মানুষগুলোকে। আকস্মিক এ নিমন্ত্রণ পাওয়ার পর তাঁদের যেন খুশির সীমা নেই। যেন হাতে চাঁদ পেয়েছেন তাঁরা! এরপর সেই মাহেন্দ্রক্ষণ। মারাকানা স্টেডিয়াম; স্বপ্নের মারাকানায় হাজির তাঁরা। এরপর বলা হলো, ‘এটি বিশ্বের কাপ’। এক বিশ্ব, এক খেলা।
তিন.
দুটিই বিজ্ঞাপনচিত্র। প্রথমটি পেপসির, দ্বিতীয়টি কোকা-কোলার। ফুটবল বিশ্বকাপ কেবল মাঠের লড়াই নয়, মাঠের বাইরেও চলে তুমুল ‘যুদ্ধ’। বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ক্রীড়াযজ্ঞের বাণিজ্যিক মূল্য কতটা, সেটি বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। এরই মধ্যে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো জলের মতো টাকা ঢালতে শুরু করেছে নিজেদের পণ্যের প্রচারে। বিশ্বকাপে চোখ থাকবে কোটি কোটি দর্শকের। এ সুযোগ হাতছাড়া করা যাবে না কিছুতেই!
দুই প্রতিদ্বন্দ্বী কোমল পানীয় পেপসি ও কোকো-কোলা মাঠে নেমে পড়েছে আগেভাগেই। কোকো-কোলা বিশ্বকাপের অফিশিয়াল পার্টনার। ফলে বিশ্বকাপ চলার সময়ে কোকা-কোলা ফিফার কল্যাণেই প্রচার পাবে যথেষ্ট। তাই বলে পেপসি বসে থাকবে? এ কারণেই বিশ্বকাপের আগে মেসি, আগুয়েরো, রবিন ফন ফার্সিদের মতো ফুটবলের মহা তারকাদের ভিড়িয়েছে নিজেদের ডেরায়। তাদের বিজ্ঞাপনচিত্রে মডেল বানিয়েছে। বিজ্ঞাপনচিত্রগুলোও আকর্ষণীয়। খেলার বিরতিতে এগুলো যথেষ্টই বিনোদিত করবে।
দেখুন কোকোকোলার বিজ্ঞাপনচিত্র