পেপে আছেন, নেই রসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাঁটুতে অস্ত্রোপচারের পর গত বছরের ডিসেম্বর থেকে মাঠের বাইরে পেপে। চোটের পরও রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডারের জায়গা হয়েছিল পর্তুগালের প্রাথমিক দলে। গতকাল মঙ্গলবার ঘোষিত ২৩ সদস্যের চূড়ান্ত দলেও ব্রাজিল বংশোদ্ভূত এই ফুটবলারকে রেখেছেন কোচ কার্লোস কুইরোজ। পেপের খুশির দিনে হতাশায় পুড়েছেন জিউসেপ্পে রসি। ম্যানচেস্টার ইউনাইটেডের এই স্ট্রাইকারের জায়গা হয়নি ইতালির চূড়ান্ত দলে।চূড়ান্ত দল নির্বাচন করতে বেগ পেতে হয়নি পর্তুগালের কোচ কার্লোস কুইরোজকে। ২৪ সদস্যের প্রাথমিক দল থেকে কুইরোজ শুধু বাদ দিয়েছেন মিডফিল্ডার জে কাস্ত্রোকে। পর্তুগাল দলে তিনজন গোলরক্ষক রাখা হয়েছে। তাঁদের মধ্যে দানিয়েল ফার্নান্দেজ ও বেতোর আন্তর্জাতিক ফুটবলের অভিজ্ঞতা একবারেই কম। আক্রমণভাগে ফিফা সাবেক বর্ষসেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে থাকছেন নানি, সিমাও সাব্রোসা, ড্যানি, হুগো আলমেইডা ও লিডসন।ইতালির বিশ্বকাপের চূড়ান্ত দল নির্বাচনের সময় পাঁচজনকে বাইরে রেখেছেন কোচ মার্সেলো লিপ্পি। জিউসেপ্পে রসির মতো কপাল পুড়েছে স্ট্রাইকার মারকো বোরিয়েল্লো, গোলরক্ষক সালভাতোর সিরিগু, মিডফিল্ডার আন্দ্রে কসু ও ডিফেন্ডার মাত্তিয়া কাসানির। অন্যদের কথা বাদ দিলেও রসির না থাকাটা বিস্ময়ের সৃষ্টি করেছে। কারণ, প্রাথমিক দলে তিনিই একমাত্র ফুটবলার ছিলেন, যিনি ইতালির বাইরের লিগের হয়ে খেলেন।