পেপে-ইনিয়েস্তার কথার লড়াই
গত রোববারের এল ক্লাসিকোর পরই রিয়াল ডিফেন্ডার পেপে উসকে দিয়েছিলেন বিতর্কটা। ম্যাচে পেনাল্টি আদায়ের জন্য বার্সেলোনা মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা নাকি ইচ্ছা করেই মাটিতে পড়ে গিয়েছিলেন! পেপের অভিযোগ, ইনিয়েস্তা ফুলের ঘায়ে মূর্ছা যাওয়ার মতোই আলতো টোকা লাগার সঙ্গে সঙ্গেই নাকি মাটিতে পড়ে যান। ব্যাপারটা নিয়ে কয়েক দিন ধরেই দুই শিবিরে চলছিল একটা চাপান-উতোর। এবার ইনিয়েস্তা জানালেন, অভিযোগটা একেবারেই ভিত্তিহীন। ইনিয়েস্তা মনে করেন সরাসরি তাঁর নাম ধরেই মন্তব্য করে পেপে সীমা লঙ্ঘন করে ফেলেছেন, ‘অবশ্যই ও (পেপে) যা বলেছে তাতে আমি আহত বোধ করছি। প্রত্যেকেরই নিজস্ব মত দেওয়ার একটা অধিকার আছে এবং বলতে পারে কোনো কাজের জন্য কারও বিরুদ্ধে এ ব্যবস্থাটা নেওয়া উচিত। কিন্তু এর বেশি কিছু সে বলতে পারে না। সবকিছুরই একটা সীমা আছে।’ ‘সহজেই’ মাটিতেই পড়ে যাওয়ার মতো রটনায় তাই এই স্প্যানিয়ার্ড খানিকটা বিরক্তও, ‘যখন কেউ এ রকম কথা বলে ও তার সতীর্থরা সমর্থনও দেয়, তখন আপনি আহত বোধ করতেই পারেন। আমি অভিনেতা নই, কেউই নয়। এই মন্তব্যগুলো সরাসরি আমাকেই করা, এ জন্য আরও বেশি আহত বোধ করছি।’ইনিয়েস্তা একহাত নিয়েছেন বটে, তবে পেপে তাঁর অবস্থান থেকে একচুলও সরছেন না। ইনিয়েস্তাকে ‘অভিনেতা’ বলে কোনো অনুশোচনায় তো ভুগছেনই না, উল্টো বলছেন উচিত কথাটা বলাতেই নাকি আঁতে ঘা লেগেছে বার্সা মিডফিল্ডারের, ‘কেউ আহত বোধ করার মানে সত্যটা তাকে আঘাত দিয়েছে। আমি শুধু খেলায় আসলে যেটা হয়েছিল সেটাই বলেছিলাম।’ আসল ঘটনা যা-ই হোক, দুই দলের মধ্যে তিক্তটা এতে আরও বাড়বে। বার্সেলোনার কাছে পর্তুগিজ ডিফেন্ডার পেপের ভাবমূর্তি এমনিতেই ভালো নয়। এখন তো কাতালানদের কাছেই ‘শত্রু’ হয়ে উঠবেন! ওয়েবসাইট।