পেপে ভয়ংকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাথা দিয়ে গুঁতো তো মেরেছেনই, পেপে মুলারকে আবার শাসাচ্ছেনও l রয়টার্স
মাথা দিয়ে গুঁতো তো মেরেছেনই, পেপে মুলারকে আবার শাসাচ্ছেনও l রয়টার্স

অনেক দিন ধরে ছিলেন নিজের ছায়া হয়ে। মানে আর দশজন ডিফেন্ডারের মতোই মন ছিল স্রেফ রক্ষণকাজে। পরশু আবার ফিরে পেলেন ‘আসল’ চেহারা। সেই ভয়ংকর পেপে!
লাল কার্ড আর বিতর্ক তাঁর প্রতিশব্দ হয়ে আছে অনেক দিনই। লা লিগায় গেটাফে মিডফিল্ডার ফ্রান্সিসকো ক্যাসকুইরোকে লাথি দিয়ে, মাড়িয়ে ১০ ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন ২০০৯ সালে। মাথা গরম করে নিজে ডুবেছেন, দলকেও ডুবিয়েছেন অসংখ্যবার। তবে মনে হচ্ছিল, নিজেকে শুধরে নিচ্ছেন ধীরে ধীরে। ২০১১ সালের ১৮ ডিসেম্বর, লা লিগায় সেভিয়ার বিপক্ষে ম্যাচটির পর আর কোনো লাল কার্ড দেখেননি। এই আড়াই বছরে যদিও ক্লাব আর জাতীয় দল মিলিয়ে হলুদ কার্ড দেখেছেন ৩৮টি, তবু লাল কার্ড তো নয়! জন্ম দেননি বড় কোনো বিতর্কেরও।
কিন্তু ভেতরে পোষ মানিয়ে রাখা আগের পেপে বেরিয়ে এল সবচেয়ে বড় মঞ্চেই। জার্মানির বিপক্ষে পরশু বল দখলের লড়াইয়ে যেভাবে মুলারের মুখে হাত চালিয়েছিলেন, কার্ড পেতে পারতেন তাতেই। রেফারি-লাইনসম্যানের চোখ এড়িয়ে যায় ঘটনাটি । কিন্তু যেচে নিজের সর্বনাশ ডেকে না আনলে তিনি আর পেপে কেন! মুলার যখন মুখে হাত চেপে হাঁটু গেড়ে বসে, গজরাতে গজরাতে গিয়ে পেপে ঢুস মেরে বসলেন মুলারের মাথায়। জিনেদিন জিদানের সেই ঢুসের মতো নয়, মৃদু টোকা। কিন্তু খেলাটা তো আর রাগবি-কাবাডি নয়! লাল কার্ড তো পেয়েছেনই, বহিষ্কৃত থাকতে পারেন তিন ম্যাচ। সে ক্ষেত্রে পেপের বিশ্বকাপ অভিযানের সমাপ্তি আপাতত ধরে নেওয়া যায়।
পর্তুগিজরা অবশ্য দায় দিচ্ছেন মুলারের অতি-অভিনয়কে। মুলারের নাটকীয় অভিব্যক্তিতেই নাকি পকেট থেকে লাল কার্ড বের করেছেন রেফারি। তবে হ্যাটট্রিকের ম্যাচে স্বাভাবিকভাবেই ‘অভিনেতা’ তকমা মেনে নেননি মুলার, ‘তাই নাকি? তাহলে তো টিভি রিপ্লে দেখতে হয়! আমার তো মনে হলো কেউ আমাকে ঘুষি মেরেছে এবং আসলে সেটাই হয়েছে! এরপর কী হয়েছে, বলতে পারব না। আমার আচরণ কেমন ছিল পুরো বলতে পারব না, তবে আমি কাউকে উসকানি দিইনি।’
পেপেকে অবশ্য উসকানোর প্রয়োজনও হয় না, নিজেই উসকে থাকেন! রয়টার্স, ওয়েবসাইট।