পেপের পাশে জিদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার পাশ থেকে যেভাবে অজস্র সমালোচনার তির ছুটে আসছে, আড়াল করতে প্রয়োজন ছিল বড়, বিশাল কোনো ঢাল। আর সেই ঢাল হয়েই এলেন আলফ্রেডো ডি স্টেফানো ও জিনেদিন জিদানের মতো দুই ব্যক্তিত্ব। তীব্র সমালোচনার মুখে থাকা হোসে মরিনহো আর পেপের পাশে এসে দাঁড়ালেন রিয়ালের এই সাবেক দুই মহা তারকা।সর্বশেষ এল ক্লাসিকোতে নিজেদের মাঠে ২-১ গোলে হেরেছে রিয়াল। সর্বশেষ ১৩টি এল ক্লাসিকোর মাত্র একটি জিততে পারার নিদারুণ ব্যর্থতা যেন সহ্য হচ্ছে না মাদ্রিদের কারোর। এরপর সমালোচনার গোলা ছুটে এসেছে মরিনহো-পেপের দিকে। মরিনহোর ‘অপরাধ’, অতিরক্ষণাত্মক ফুটবল খেলে বার্সাকে নিজেদের মতো খেলার সুযোগ করে দেওয়া। আর পেপের অপরাধ, ‘ফেয়ার প্লে’ নামের শব্দবন্ধটিকে বুড়ো আঙুল দেখিয়ে ইচ্ছা করে মেসির হাত বুট দিয়ে মাড়িয়ে দেওয়া।পরশু মাদ্রিদের ক্রীড়া দৈনিক এএসকে জিদান বলেছেন, ‘মাদ্রিদ, দলের কোচ এবং খেলোয়াড়দের উদ্দেশ করে যেসব সমালোচনা হচ্ছে, সেগুলো আমার দৃষ্টিতে অন্যায় সমালোচনা।’ কেন এমনটা বলছেন, তার ব্যাখ্যাও দিয়েছেন বিশ্বকাপ জেতা এই ফরাসি। পেপে মানুষ হিসেবে খুবই ভালো দাবি করে জিদান বলছেন, ‘মাঠের বাইরে পেপের মুখ থেকে একটা কথাও আপনি বের করতে পারবেন না। ও ছেলে হিসেবে দারুণ, খুবই বিনয়ী। কিন্তু মাঠে নামলে জয়ের জন্য ও আসলে এমন মরিয়া হয়ে যায়, জয়ের জন্য তার উদ্বেগের কারণেই এমন ভুলগুলো হয়।’পেপে রিয়ালের মতো দীর্ঘ ঐতিহ্যবাহী একটি ক্লাবের ভাবমূর্তিতে কালিমা লেপন করেছেন বলে তুমুল সমালোচনা হচ্ছে। কিন্তু জিদান বলছেন, ‘যা করেছে, সেটার জন্য সে ক্ষমাও তো চেয়েছে। পেপে এমন এক খেলোয়াড়, মাঠে নিজের সবটুকু যে উজাড় করে দেয়, সামর্থ্যের পুরোটা ঢেলে দেয়।’জিদান পাশে দাঁড়ালেও মাদ্রিদেরই প্রভাবশালী দৈনিক মার্কা নতুন করে সমালোচনায় মুখর হয়েছে। সর্বশেষ রিয়ালের পক্ষ থেকে পেপের প্রতি সমর্থন জানিয়ে একটি বার্তা দেওয়া হয়েছে। পেপেকে শাস্তি না দিয়ে এভাবে আড়াল করার চেষ্টা মার্কার কাছে মনে হয়েছে ‘লজ্জাজনক’। ওদিকে বার্সার সহসভাপতি কার্লেস ভিলারুবি বলেছেন, অনিচ্ছাকৃতভাবে পেপে মেসির হাত বুট দিয়ে মাড়িয়ে দিয়েছেন, এ কথা কেউ বিশ্বাস করবে না। ‘গত আগস্টে স্প্যানিশ সুপার কাপে মরিনহো যেমন টিটো ভিলানোভার (গার্দিওলার সহকারী) চোখে আঙুল দিয়ে খোঁচা দিয়েছিল, এটাও সে রকমই’—ভিলারুবি যেন পরোক্ষে এমনটাই বলতে চাইলেন, যেমন গুরু, তেমন শিষ্য! রয়টার্স।