‘এ’ দলের হয়ে নিয়মিত পারফর্ম করছেন বছর খানেক ধরে। নেতৃত্বও দিচ্ছেন কিছুদিন হলো। হাইপারফরম্যান্স দলের হয়ে বাংলাদেশে এসে বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটসম্যানদের ভোগানোর স্মৃতি তো এখনো তরতাজা। ভীরাসামি পেরমল এবার বাংলাদেশে আসছেন জাতীয় দলকে ভোগানোর লক্ষ্য নিয়ে। বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের ১৫ সদস্যের টেস্ট দলে ডাক পেয়েছেন গায়ানার বাঁহাতি স্পিনার। ২ টেস্ট, ৫ ওয়ানডে ও একটি টি-টোয়েন্টির সিরিজ খেলতে ৫ নভেম্বর ঢাকায় আসার কথা ড্যারেন স্যামির দলের। ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করা হবে পরে। সেপ্টেম্বর-অক্টোবরের বাংলাদেশ সফরে বিসিবি একাডেমি ও ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচে ১২ উইকেট নিয়েছিলেন পেরমল, তিন ওয়ানডেতে উইকেট ছিল ৯টি। প্রথম দুই ওয়ানডেতে ৪টি করে উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরা। আর একটি টি-টোয়েন্টি খেলে পেয়েছিলেন ৩ উইকেট। গত জুন-জুলাইয়ে দেশের মাটিতে ভারত ‘এ’ দলের বিপক্ষেও ভালো পারফরম্যান্স ছিল ২৩ বছর বয়সী স্পিনারের। শেন শিলিংফোর্ড, দেবেন্দ্র বিশুদের টপকে তাই দ্বিতীয় স্পিনার হিসেবে পেরমলকেই বেছে নিয়েছেন নির্বাচকেরা। মূল স্পিনার হিসেবে তো আছেনই সুনীল নারাইন। বিশেষজ্ঞ স্পিনার দুজনই, তবে প্রয়োজনে হাত ঘোরানোর জন্য দেওনারায়ণ, স্যামুয়েলস, গেইলরাও আছেন। ২০০৪ সালের পর এবারই প্রথম বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলবেন গেইল।গত বছর বাংলাদেশ সফর করে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ দলের ১০ জনই আছেন এবারও। সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন ওপেনার আড্রিয়ান বারাথ ও ফাস্ট বোলার ফিদেল এডওয়ার্ডস। দলে ফিরেছেন কার্ক এডওয়ার্ডস। ইংল্যান্ড সফরে ২ টেস্টে দুটি শূন্যসহ মাত্র ৮ রান করার পর বাদ পড়েছিলেন এই ব্যাটসম্যান, এরপরও এমন কিছু করেননি। সম্ভবত বাংলাদেশে গত সফরের সাফল্যের কারণেই ফেরানো হয়েছে বারবাডিয়ান ব্যাটসম্যানকে। গত সিরিজের ঢাকা টেস্টের দুই ইনিংসে ১২১ ও ৮৬ রান করেছিলেন কার্ক এডওয়ার্ডস। ওই ঢাকা টেস্টেই বড় সেঞ্চুরি করা ড্যারেন ব্রাভোও ফিরেছেন দলে। হাঁটুর চোটের কারণে নিউজিল্যান্ড সিরিজে ছিলেন না বাঁহাতি ব্যাটসম্যান। ফিদেল এডওয়ার্ডস না থাকলেও গতি-বাউন্সে বাংলাদেশের ব্যাটসম্যানদের নাভিশ্বাস তোলার জন্য রোচ-বেস্ট-রামপলরা ঠিকই আছেন।গত আগস্টে সর্বশেষ সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এ বছর খেলেছে আটটি টেস্ট। আর ডিসেম্বরে পাকিস্তান সিরিজের পর আর টেস্ট ক্রিকেটের সঙ্গে দেখা হয়নি বাংলাদেশ দলের। ওয়েবসাইট।ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল: ড্যারেন স্যামি (অধিনায়ক), দিনেশ রামদিন (সহ-অধিনায়ক), টিনো বেস্ট, ড্যারেন ব্রাভো, শিবনারায়ণ চন্দরপল, নারসিং দেওনারায়ণ, কার্ক এডওয়ার্ডস, আসাদ ফুদাদিন, ক্রিস গেইল, সুনীল নারাইন, ভীরাসামি পেরমল, কাইরন পাওয়েল, রবি রামপল, কেমার রোচ, মারলন স্যামুয়েলস।