পেরু বিদায় জানাল কলম্বিয়াকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার্লোস লোবাটন ও হুয়ান ভার্গাস নাম দুটি ফুটবল বিশ্বে অপরিচিত। কলম্বিয়ার তুলনায়ও শক্তিতে অনেকটাই পিছিয়ে পেরু। কিন্তু তার পরও আলোচ্য দুই ফুটবলারের সুন্দর দুটি গোল পেরুকে তুলে দিয়েছে কোপা আমেরিকা ফুটবলের সেমিফাইনালে। ফলটিকে তো ‘আপসেট’ বলা যেতেই পারে।নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ছিল। অতিরিক্ত সময়ে কলম্বিয়ার জালে দুবার বল ফেলেন লোবাটন ও ভার্গাস। তবে দুর্ভাগ্যও যেন কাল আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছিল কলম্বিয়াকে। নির্ধারিত ৯০ মিনিটের মধ্যেই অন্তত ২-০ গোলে এগিয়ে যাওয়া অসম্ভব ছিল না তাদের পক্ষে। দুটো আক্ষেপ হয়তো আরও কিছুদিন তাড়িয়ে বেড়াবে কলম্বিয়ানদের—তারকা স্ট্রাইকার ফ্যালকাও যদি পেনাল্টি মিস না করতেন! ডাইরো মোরেনোর ফ্রি-কিক যদি ক্রসবারে লেগে ফেরত না আসত!গ্রুপে শীর্ষে থেকেই কোয়ার্টার ফাইনালে উঠেছিল কলম্বিয়া। অন্যদিকে অপর গ্রুপের তৃতীয় দল হিসেবে পেরু এসেছিল শেষ আটে। কিন্তু কাল ফেবারিট কলম্বিয়াই হার মানল শক্তিতে পিছিয়ে থাকা পেরুর কাছে।খেলার শুরু থেকে কলম্বিয়াই চড়াও ছিল পেরুর রক্ষণব্যূহে। কিন্তু স্ট্রাইকারদের ব্যর্থতায় কয়েকটি নিশ্চিত সুযোগ হাতছাড়া হয় তাদের। খেলার ৬০ মিনিটের মাথায় পেনাল্টি পায় কলম্বিয়া। কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার করতে ব্যর্থ হন ফ্যালকাও। তাঁর শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। এর পরপরই মোরেনোর ফ্রি-কিক বারে লেগে ফেরত আসে। নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহূর্তে কলম্বিয়ার ফ্রেডি গুয়ারিনের একটি শট পেরুর গোলরক্ষক রাউল ফার্নান্দেজের হাতের স্পর্শ পেয়ে ক্রসবারে লেগে প্রতিহত হয়।অতিরিক্ত সময়ে খেলার ১০১ মিনিটে পেরু এগিয়ে যায় ১-০ গোলে। পেরুর মার্টিনেজ একটি আক্রমণে মার্টিনেজের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান। কিন্তু রেফারি এই ঘটনায় ফ্রি-কিক না দিয়ে প্লেইড অন ঘোষণা করলে ফিরতি বলে প্রচণ্ড শটে কলম্বিয়ার জালে বল জড়িয়ে দেন লোবাটন। ১১১ মিনিটে দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করে পেরু। কলম্বিয়ার ডিফেন্ডার মার্টিনেজ হোসে গুইয়েরেরোর একটি আক্রমণ ঠিকমতো ক্লিয়ার করতে ব্যর্থ হলে ভার্গান সুযোগের সদ্ব্যবহার করেন দারুণ প্রত্যয়ে। রয়টার্স।