পেরুভিয়ানদের ‘মেসি ঠেকাও’ মন্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসিকে রুখো, থামিয়ে দাও আর্জেন্টিনার জয়রথ। আজ পেরুর মন্ত্র এটাই। বিশ্বকাপ বাছাইপর্বে লিমাতে দুই দল মুখোমুখি হচ্ছে আজ (বাংলাদেশ সময় আগামীকাল সকাল সাড়ে সাতটা)। বাছাইপর্বে টানা তিনটি ম্যাচ জিতে উড়তে থাকা আর্জেন্টিনাকে মাটিতে নামিয়ে আনতে প্রেরণা খুঁজতে ইতিহাসে আশ্রয় নিচ্ছে পেরুভিয়ানরা। ফিরে যাচ্ছে ২৭ বছর আগে।১৯৮৫ সালে এই লিমাতেই ডিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়েছিল পেরু। লুইস রেইনার রক্ষণাত্মক দলটি নিষ্ক্রিয় করে রেখেছিল সর্বকালের অন্যতম সেরা ফুটবলারকে। ম্যারাডোনাকে থামাতে পারলে মেসিকে কেন নয়! এই মন্ত্রেই খেলোয়াড়দের উদ্দীপ্ত করতে চাইছেন পেরুর কোচ সার্জিও মারকারিয়ান। তাতে মনে হয় কাজও হচ্ছে। মেসিকে চোখে রাখার কঠিন দায়িত্বটা যাঁর ওপর পড়তে পারে, সেই ডিফেন্সিভ মিডফিল্ডার এডউইন রেতামেসো যেমন বলছেন, ‘কোচ যদি আমাকে সুযোগটা দেন, আমি তাঁকে হতাশ করব না।’বাছাইপর্বে টানা তিনটি জয় মেসির আর্জেন্টিনাকে তুলে দিয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে (৬ ম্যাচে ১৩)। অন্যদিকে চোখে ১৯৮২ সালের পর আবারও বিশ্বকাপে যাওয়ার স্বপ্ন আঁকা পেরু ৬ পয়েন্ট নিয়ে আছে ৭ নম্বরে। ঠিক আগের ম্যাচে ভেনেজুয়েলাকে হারিয়ে টানা চার ম্যাচে হারের বৃত্ত থেকে বেরিয়েছে পেরু। জাতীয় দলের হয়ে গত ছয় ম্যাচে ১০ গোল করেছেন মেসি। আর্জেন্টিনার জার্সি গায়েও এখন চেনা যাচ্ছে বার্সেলোনার মেসিকে। তাঁর কাছে দলের প্রত্যাশা তাতে আরও বাড়ারই কথা। মেসির সতীর্থ ফার্নান্দো গ্যাগো এটিতে ভয়ের দিক দেখছেন বলেই বলেছেন, ‘লিওনেলকে পাওয়াটা অবশ্যই বোনাস। কিন্তু আর্জেন্টিনা শুধু মেসিকেই বল দেওয়ার চিন্তায় থাকতে পারে না। আমরা চেষ্টা করছি নানাভাবে খেলার।’গত শুক্রবার উরুগুয়েকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া কলম্বিয়া চিলির সঙ্গে খেলার জন্য এখন সান্তিয়াগোতে। রাদামেল ফ্যালকাও ও তিওফিলো গুতিরেজ মিলে কলম্বিয়ান আক্রমণভাগকে দিয়েছেন নতুন মাত্রা। চিলির কোচ ক্লদিও বোর্গি ভয় পাচ্ছেন এই নতুন কলম্বিয়াকেই। তাঁর মতে, ‘সাম্প্রতিক সময়ে কলম্বিয়া এখনই সেরা খেলাটা খেলছে।’ওদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে উরুগুয়ে দলে ফিরেছেন স্ট্রাইকার লুইস সুয়ারেজ। আজ নিজ দেশে ইকুয়েডরের বিপক্ষে খেলা অস্কার তাবারেজের দলের। অন্য ম্যাচে পয়েন্ট তালিকায় তলানিতে থাকা প্যারাগুয়ে খেলবে ভেনেজুয়েলার সঙ্গে। এএফপি।