পেরুর বড় স্বপ্ন
মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা জিতেছে তারা দুবার। সর্বশেষ ১৯৭৫ সালে। দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ নাম বদলে ‘কোপা আমেরিকা’ হয়ে যাওয়ার প্রথম আসরেই। সেই থেকেই আরেকটি শিরোপা জয়ের অপেক্ষা। ৩৬ বছরের এই অপেক্ষা এবার আর্জেন্টিনায় ঘুচিয়ে দেওয়ার স্বপ্ন পেরুর।কিন্তু সেই স্বপ্ন বড় পরীক্ষার সামনে পড়তে যাচ্ছে আজ। প্রথম কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ ২০০১ সালের চ্যাম্পিয়ন প্রতিবেশী কলম্বিয়া। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট ওই একবারই পড়েছে কলম্বিয়া।শিরোপা জয়ে এগিয়ে। প্রতিবেশী প্রতিপক্ষের চেয়ে পেরু এগিয়ে কোপার মুখোমুখি লড়াইয়েও। ১৮ বারের সাক্ষাতে পেরু জিতেছে ৬ বার, কলম্বিয়া ৩ বার। সামগ্রিক পরিসংখ্যানে অবশ্য সমতা। ৪৬ বারের সাক্ষাতে দুই দলেরই জয় সমান ১৪টি করে।তবে রেকর্ড তো সব সময় সাম্প্রতিক চিত্রটা দেয় না। দুই দলের সর্বশেষ কোপা জয়ের সালটাই বলে দিচ্ছে, পেরুর ফুটবল-শৌর্য কলম্বিয়ার তুলনায় অনেক পুরোনো দিনের গল্প। বিশেষ করে এই কলম্বিয়া দিচ্ছে পুনর্জাগরণের ইঙ্গিত। ১৯৯০ দশকে ভালদেরামা-আসপ্রিয়া প্রজন্মের সোনালি দিন ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিচ্ছে হার্নান ডারিও গোমেজের দল। প্রমাণ মিলেছে গ্রুপ পর্বেও। স্বাগতিক আর্জেন্টিনার মতো পরাশক্তিকে পেছনে ফেলে কোয়ার্টার ফাইনালে উঠেছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। অন্যদিকে পেরু শেষ আটে উঠেছে তিন গ্রুপের সেরা দুই ‘তৃতীয়’র একটি হিসাবে।আজ করডোবায় কলম্বিয়াকে উজ্জীবিত করবে একটি স্মৃতিও। ২০০১ সালে শিরোপা জয়ের পথে কোয়ার্টার ফাইনালে এই পেরুকেই ৩-০ গোলে হারিয়েছিল তারা। অতীত এই প্রেরণা দিচ্ছে, বর্তমান প্রেরণা হয়ে আছেন রাদামেল ফ্যালকাও। গত মৌসুমে ইউরোপা লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়া এফসি পোর্তোর এই স্ট্রাইকার কোপার প্রথম দুই ম্যাচে গোল পাননি। কিন্তু বলিভিয়ার বিপক্ষে তৃতীয় ম্যাচে দলের দুটি গোল করে জ্বলে উঠেছেন একেবারে ঠিক সময়মতো। ফ্যালকাও যদিও এটিকে বেশি বড় করে দেখাতে চাইলেন না, ‘কে গোল করল এটা কোনো ব্যাপার নয়, দলের জয়টাই আসল।’কলম্বিয়ার আরেক স্ট্রাইকার হুগো রোদাল্লেগা বলেছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, একটা দল হয়ে খেলা। আমরা এখানে একটা লক্ষ্য নিয়ে এসেছিলাম এবং সেটি অর্জন করেছি।’ গ্রুপ পর্ব পেরোনোর কথাই বলেছেন রোদাল্লেগা। তবে এতেই লক্ষ্য পূরণ হয়ে গেছে বলে মনে করছে না কলম্বিয়া। সেমিফাইনাল দেখতে পাচ্ছেন জানিয়ে কলম্বিয়ান কোচ গোমেজ মজা করলেন, ‘২৫ জুলাই ফিরে যেতে পছন্দ করব আমি।’ ২৫ জুলাই মানে ফাইনালের পরদিন।পেরুও প্রতিপক্ষকে সমীহ করেই মাঠে নামছে। তাই বলে জয়ের স্বপ্ন বিসর্জন দিয়ে নয়। পেরুভিয়ান স্ট্রাইকার পাওলো গুয়েরেরো যেমন নিজের টুইটারে লিখেছেন, ‘আমাদের সামনে এখন কলম্বিয়া। কাজটা কঠিন বটে। কিন্তু আমাদের আস্থা আছে, পেরুকে এগিয়ে নিতে তাদের পেছনে ফেলতে পারব।’ এএফপি।