
ডান হ্যামস্ট্রিংয়ে টান লেগে যখন খুঁড়িয়ে খুঁড়িয়ে বেরিয়ে গেলেন দিনেশ চান্ডিমাল, সিডনির রাতের আকাশে মিলিয়ে গেল বুঝি শ্রীলঙ্কার জয়ের আশাও!
তখনো শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ৫৩ বলে ৯৬। শেষ পর্যন্ত হার ৬৪ রানে। অস্ট্রেলিয়ার জয়টাকে তাই অনায়াসই বলতে হয়। চান্ডিমালের পরও তো ছিলেন কত কত ব্যাটসম্যান! পেরেরা-ম্যাথুসরা একাই জেতাতে পারতেন দলকে। চান্ডিমালের বেরিয়ে যাওয়ায় ম্যাচ বেরিয়ে যাওয়া মানতে আপত্তি থাকতে পারে কারও কারও। কিন্তু ম্যাচটি যাঁরা দেখেছেন, তাঁরা জানেন যে ওটাই ঘুরিয়ে দিয়েছে ম্যাচের মোড়। চান্ডিমাল নিজে ছুটছিলেন দুই শ স্ট্রাইক রেটে, অ্যাঞ্জেলো ম্যাথুসের সঙ্গে জুটিতে রান আসছিল ওভারপ্রতি প্রায় ১১ করে। চান্ডিমালের বিদায়ে হঠাৎ ছন্দপতন। এক বল পরই ফিরলেন ম্যাথুস। বাকি সতীর্থরাও ঝরে পড়লেন টুপটাপ!
চান্ডিমালের হ্যামস্ট্রিংকেই শুধু দুদলের ব্যবধান বললে অবশ্য অস্ট্রেলিয়ান বোলারদের প্রতি অবিচার করা হয়। ম্যাচের লাগাম তখনো লঙ্কানদেরই হাতে। কিন্তু চান্ডিমালের চলে যাওয়ায় সম্ভাবনার যে সূক্ষ্ম আলোর রেখা মিলল, সেটিই পরে জয়ের ঝলমলে আলোয় রূপ নিল বোলারদের সৌজন্যে। ধারাবাহিকতা আর নতুন-পুরোনো বলে সমান কার্যকারিতা বিবেচনায় মিচেল স্টার্ক সম্ভবত এই বিশ্বকাপের সেরা বোলার। কাল সেটি প্রমাণ করলেন আরেকবার। জেমস ফকনার দেখালেন কেন চোট কাটিয়ে তাঁকে ফিরে পেতে এতটা মরিয়া ছিল অস্ট্রেলিয়া। চাপের মধ্যে অস্ট্রেলিয়ানদের ফিল্ডিংও ছিল দুর্দান্ত, যেটির বড় বিজ্ঞাপন জয়াবর্ধনেকে বুলেট থ্রোতে ক্লার্কের রানআউট।
চান্ডিমাল বা অস্ট্রেলিয়ান বোলিং নয়, কালকের শিরোনাম হতে পারতেন গ্লেন ম্যাক্সওয়েল। ছোট্ট ক্যারিয়ারেই তিন-তিনবার থমকে গেছেন নড়বড়ে নব্বইয়ে। এই বিশ্বকাপেই প্রথম ম্যাচে আউট হয়েছেন ৯৫ রানে, গত ম্যাচে ৮৮ রানে। গত আইপিএলেও তিনবার কাটা পড়েছিলেন নব্বইয়ে। অবশেষে কাল আড়ি ভাঙল সেঞ্চুরির সঙ্গে। সেটাও নিজের মতো করেই। ৫১ বলে সেঞ্চুরি, বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির কেভিন ও’ব্রায়েনের রেকর্ড ছুঁতে পারলেন না মাত্র এক বলের জন্য। সেঞ্চুরির পর বাঁধভাঙা উদ্যাপন, উইকেটে সঙ্গী শেন ওয়াটসনের বুকে ঝাঁপিয়ে পড়া, সবকিছুই ফুটিয়ে তুলল প্রাপ্তির তৃপ্তি। ওয়াটসন নিজেও অবশ্য কম পাননি! শুষ্ক উইকেটে বোলিং কার্যকর হবে ভেবে বাতিল করার এক ম্যাচ পরই ফেরানো হলো তাঁকে। বল হাতে দশের বেশি রান দিয়েছেন ওভারপ্রতি, কিন্তু ব্যাট হাতে ৪১ বলে ৬৭ রানের ইনিংসে আবার সুযোগটা কাজে লাগিয়েছেন দারুণভাবে।
কিংবা কালকের শিরোনাম অনায়াসেই হতে পারতেন কুমার সাঙ্গাকারা। ৩৯ রানের মাথায় ছুঁয়েছেন ১৪ হাজার ওয়ানডে রান। উপলক্ষকে রাঙিয়েছেন পরে দুর্দান্ত এক সেঞ্চুরিতে। বিশ্বকাপে টানা তিন সেঞ্চুরিতে গড়েছেন নতুন ইতিহাস। কিন্তু দল অন্তঃপ্রাণ এই ক্রিকেটার এত এত প্রাপ্তির পরও তাই বিমর্ষই থাকবেন দলের হারে।
ম্যাক্সওয়েল-ওয়াটসনদের তাণ্ডব চালানোর ভিত্তি গড়ে দিয়েছিলেন ক্লার্ক ও স্মিথ। চোট কাটিয়ে ফেরা ক্লার্ক অবশেষে ব্যাট হাতেও ফিরেছেন চেনা চেহারায়। ১৩৪ রানের জুটির পর দুজন ফিরেছেন পরপর দুই ওভারে। তাতে যেন শাপেবরই হলো অস্ট্রেলিয়ার। ম্যাক্সওয়েল-ওয়াটসন তুলাধোনা করে ছাড়লেন লঙ্কানদের। ২৬ বলে ফিফটি ছুঁয়েছেন, যথারীতি খেলেছেন রিভার্স সুইপ, রিভার্স ফ্লিকের মতো উদ্ভাবনী সব শট।
ম্যাক্সওয়েলের দুঃসাহসের জবাব দিয়েছেন সাঙ্গাকারা ধ্রুপদি ব্যাটিংয়ে। শুরুতে দিলশান, পরে চান্ডিমাল রান তাড়ায় জাগিয়েছেন সম্ভাবনা। বিশ্বকাপে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন শ ছুঁয়েছে শ্রীলঙ্কা। কিন্তু ভালো ব্যাটিং সামর্থ্যের ১০ জন নিয়েও রান-পাহাড় টপকানো আর হয়ে ওঠেনি। সূত্র: স্টার স্পোর্টস, ক্রিকইনফো।