পেরেজ বুঁদ রোনালদোতেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর এই ছবিটা চুক্তি সই করার দিনে। সেদিন থেকে রোনালদোর প্রশংসায় আরও পঞ্চমুখ পেরেজ  ফাইল ছবি।
ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর এই ছবিটা চুক্তি সই করার দিনে। সেদিন থেকে রোনালদোর প্রশংসায় আরও পঞ্চমুখ পেরেজ ফাইল ছবি।

চুক্তি নবায়নের পর থেকেই ক্রিস্টিয়ানো রোনালদোর গুণগান গেয়ে যাচ্ছেন ফ্লোরেন্তিনো পেরেজ। রিয়াল মাদ্রিদ সভাপতি রোনালদোকে নতুন করে ভাসালেন প্রশংসায়। সেদিন পর্তুগিজ তারকাকে রিয়ালের ‘কিংবদন্তি’ বলেছেন। এবার বললেন, রোনালদোর মতো খেলোয়াড়েরা শতাব্দীতে একবারই আসে।
নতুন চুক্তি করে রোনালদো ২০১৮ পর্যন্ত হয়ে গেছেন রিয়ালের। শুধু তা-ই নয়, হয়ে গেছেন বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া খেলোয়াড়ও। তাঁর বার্ষিক বেতন হবে এক কোটি ৫০ লাখ ইউরো! এত টাকা! অনেকেই বিস্মিত। তবে রিয়াল সভাপতি দৃঢ়কণ্ঠে জানিয়ে দিলেন, অঙ্কটা যত বড়ই হোক, তাঁর প্রতিটি পয়সার মূল্য ২৮ বছর বয়সী রোনালদোর আছে। স্প্যানিশ টিভি শো ‘জুগনস’-এ পেরেজ বলেছেন, ‘ক্রিস্টিয়ানোকে আমাদের ক্লাবে পেয়ে আমরা গর্বিত। সে সেসব খেলোয়াড়ের একজন, যারা শতাব্দীতে একবারই আসে। আমরা ভাগ্যবান, আমাদের ক্লাবে তাকে পেয়েছি।’
পেরেজ অবশ্য অন্য খেলোয়াড়দেরও কম গুরুত্বপূর্ণ ভাবেন না, ‘বর্তমান দলে বেলের মতো অন্য বিদেশি খেলোয়াড়, ইসকো ও ইয়ারামেন্দির মতো সেরা স্প্যানিশ ও একাডেমির খেলোয়াড়েরাও আমাদের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ।’ ইকার ক্যাসিয়াস এবং ক্লাব ছেড়ে যাওয়া মেসুত ওজিল প্রসঙ্গেও কথা বলেছেন রিয়াল সভাপতি। ক্যাসিয়াসের কারণে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে—কদিন আগে তিনি নাকি বলেছিলেন এমনটা। পেরেজ ওটা অস্বীকার করে এবার বললেন তাঁর বক্তব্যকে উপস্থাপন করা হয়েছে ভিন্নভাবে, ‘ক্যাসিয়াসের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে এবং আমি তাকে ভালোবাসি। কিন্তু সব সময়ই কিছু মানুষ খারাপ উদ্দেশ্যে বানিয়ে বানিয়ে কথা বলে, যেটা সত্য নয়। ওই সময়ে আমি বলেছিলাম যে আমাদের কাছের মানুষেরাই আমাদের সাহায্য করে না। আমি কথাটা সবার উদ্দেশেই বলেছিলাম। সত্যি বলতে, আমি ওটা বলেছিলাম ক্যাসিয়াসের পক্ষেই, বিরুদ্ধে নয়। আমরা সবাই ক্যাসিয়াসকে নিয়ে গর্বিত, সে স্পেনের ইতিহাস সেরা গোলরক্ষক। জীবনে ভালো সময় যেমন আসে, তেমনি কঠিন সময়ের ভেতর দিয়েও যেতে হয়। তার পরও আমাদের এগিয়ে যেতে হবে।’
গ্রীষ্মকালীন দলবদলের দরজা বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে রিয়াল ছেড়ে আর্সেনালে নাম লিখিয়েছেন ওজিল। হঠাৎ করে এই ক্লাব ছাড়া প্রসঙ্গে জার্মান মিডফিল্ডার বলেছেন, রিয়ালে তিনি আস্থা-সম্মান দুটিই হারিয়ে ফেলেছিলেন। কিন্তু পেরেজ এতে ওজিলেরই দায় দেখেন, ‘ওজিল চলে গেছে। কারণ সে সেটাই চেয়েছিল। অন্য খেলোয়াড়দের মধ্যে যারা ক্লাব ছাড়তে চায়নি, তারা এখনো এখানেই আছে। যার চুক্তি আছে, ক্লাব ছাড়তে চায় না, সে থেকে যায়। (অ্যাঙ্গেল) ডি মারিয়া এটির দারুণ এক উদাহরণ। আমরা আনন্দিত, সে এখনো এখানে আছে।’ ওয়েবসাইট।