পেরেজের মুখে রোনালদোর জয়গান
হোসে মরিনহো পারেননি। রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ আশাবাদী, ‘লা ডেসিমা’র স্বপ্নটা পূরণ হবেই। নতুন কোচ কার্লো আনচেলত্তিই রিয়ালকে এনে দেবেন দশম চ্যাম্পিয়নস লিগ শিরোপা!রিয়াল সর্বশেষ চ্যাম্পিয়নস লিগ জিতেছে ২০০১-০২ মৌসুমে। এরপর একেকটা মৌসুম আসে, আর রিয়াল নতুন করে আশায় বুক বাঁধে, এবার হবে। কিন্তু মৌসুম শেষে আশাভঙ্গের দীর্ঘশ্বাসই ভারী হয়। ২০১০ সালে অনেক ঢাকঢোল পিটিয়েই মরিনহোকে নিয়ে আসে রিয়াল। মরিনহোও প্রতিশ্রুতি দিয়েছিলেন, রিয়ালের চ্যাম্পিয়নস লিগ আক্ষেপ ঘুচিয়ে দেবেন। কিন্তু রিয়ালে মরিনহো তাঁর ক্যারিশমা দেখাতে পারেননি। তাঁর সময়ে তিনবারই রিয়াল বিদায় নিয়েছে সেমিফাইনাল থেকে। মরিনহো চলে গেলেও তাই রিয়ালের স্বপ্নটা অপূর্ণই রয়ে গেছে। সেই অপূর্ণ স্বপ্ন পূরণের আশা নিয়ে এসেছেন আনচেলত্তি। ৫৪ বছর বয়সী ইতালিয়ান কোচকে ঘিরে পেরেজের প্রত্যাশা আকাশছোঁয়া, ‘মরিনহোর বিদায়ের পর আমরা মৌসুম শুরু করব নতুনভাবে। আমাদের অন্য আরেকজন কোচ আছেন, তিনিও খুবই জনপ্রিয়। আমরা খুব খুশি। আমরা দেখতে চাই যে আমরা ডেসিমা জিতেছি, যা আমাদের এড়িয়ে চলছে।’ শুধু চ্যাম্পিয়নস লিগই নয়, লিগ শিরোপা পুনরুদ্ধারেও সমান গুরুত্ব দেওয়া হবে বলে সমর্থকদের আশ্বাস দিয়েছেন রিয়াল সভাপতি।আর এই লক্ষ্য পূরণে যাঁর দিকে দল তাকিয়ে থাকবে বেশি, পেরেজ সেই ক্রিস্টিয়ানো রোনালদোকে প্রশংসায় ভাসিয়েছেন আবারও। রিয়াল সভাপতি মনে করেন, নিখুঁত রোনালদো বিশ্বের সেরা। পেরেজ আরেকবার রোনালদোকে সামনে তুলে ধরে বলেছেন তাঁকে ঘিরেই এগিয়ে যাবে রিয়াল, ‘সে দলের মুখ এবং বিশ্বের সেরা খেলোয়াড়। সে তার প্রতিভা, উচ্চাকাঙ্ক্ষা ও প্রবল উদ্দীপনা দিয়ে আমাদের আরও তৃপ্ত করতে যাচ্ছে। সমর্থকদের সঙ্গেও এখন তার সম্পর্কটা নিখুঁত। আমরা এখনো তার সেরাটা দেখিনি। সে সর্বকালের সেরা হতে পারবে।’রিয়াল সভাপতি আত্মবিশ্বাসী কাকাকে নিয়েও। রোনালদোর সঙ্গে কাকাকেও ২০০৯ সালেই ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ট্রান্সফার ফিতে এসি মিলান থেকে নিয়ে আসে রিয়াল। শুরুতে একটু-আধটু ঝলক দেখালেও ব্রাজিলিয়ান মিডফিল্ডার কখনোই মিলানের কাকা হয়ে ফুটতে পারেননি। ২০১০ বিশ্বকাপের পর চোটের পর থেকে তো নিজেকে ফিরে পাওয়ার লড়াই-ই করে যেতে হচ্ছে ২০০৭ সালের ফিফা বর্ষসেরা ফুটবলারকে। কাকাও শেষ পর্যন্ত রিয়ালেই দেখতে চান পেরেজ, ‘সে একজন ফেনোমেনন। কিন্তু ২০১০ বিশ্বকাপের পর তার অস্ত্রোপচার ও ঠিক তখনই মেসুত ওজিল আসে এবং তার জায়গা নিয়ে নেয়। তবে সে অন্যতম সেরা খেলোয়াড়। টুইটারে ক্রিস্টিয়ানোর পর সবচেয়ে বেশি অনুসারী তারই। তার আকর্ষণ আছে ও সমর্থকদের সে রোমাঞ্চিত করে।’ কাকা মিলানে থাকার সময় এই আনচেলত্তিই ছিলেন মিলানের কোচ। সাবেক গুরুকে পেয়ে কাকাও পুরোনো সেই জাদুকরি ছন্দ ফিরে পাবেন বলে আশাবাদী পেরেজ। ওয়েবসাইট।