চারদিকে সমালোচনার ঝড়। শোনা যাচ্ছে, দেশে ফিরলেই হারাবেন অধিনায়কত্ব। এমন পাহাড়সমান চাপই বুঝি বের করে আনল তিলকরত্নে দিলশানের সেরাটা। শেষের দিকে চতুর বোলিং পরিবর্তনে দক্ষিণ আফ্রিকার রানকে আটকে রাখলেন ৩০০-র নিচে (২৯৯)। ব্যাট হাতে ওপেনিংয়ে নেমে খেললেন ৮৭ বলে ৮৭ রানের সময়োপযোগী ইনিংস। এরপর অ্যাঞ্জেলো ম্যাথুসের জায়গায় ব্যাটিং অর্ডারে ছয়ে তুলে আনলেন থিসারা পেরেরাকে।৪৪ বলে ৫ ছক্কায় অপরাজিত ৬৯ রান করে সেই পেরেরাই শ্রীলঙ্কাকে পৌঁছে দিলেন অধরা জয়ের ঠিকানায়। প্রথম তিন ম্যাচেই সিরিজ হেরে বসা শ্রীলঙ্কা কিম্বার্লিতে পরশু ৫ উইকেটে জিতল ৮ বল বাকি থাকতে। অধিনায়ক হওয়ার পর প্রথম পরাজয়ের স্বাদ পেলেন এবি ডি ভিলিয়ার্স।প্রথম ৩ ম্যাচে শ্রীলঙ্কার সেরা ব্যাটসম্যান উপুল থারাঙ্গা পরশু ফিরে যান মাত্র ৬ রানেই। তবে অনেক দিন পর স্বরূপে ফেরা দিলশানকে দারুণ সঙ্গ দেন সাঙ্গাকারা, দ্বিতীয় উইকেটে ৮৩ রানের জুটি গড়েন দুজন। তৃতীয় উইকেটে দিলশান-চান্ডিমালের জুটি ৬৮ রানের। ৫০ বলে ফিফটি ছুঁয়েছেন দিলশান, অধিনায়ক হওয়ার পর ২০ ম্যাচে যেটি তাঁর মাত্র তৃতীয় ফিফটি। এর চেয়েও বিস্ময়কর তথ্য, অধিনায়ক হওয়ার পর কালই প্রথম ওয়ানডেতে ছয় মারলেন দিলশান! প্রাপ্য সেঞ্চুরিটা অবশ্য পাননি, তবে সেই আক্ষেপ মুছে গেছে দলের জয়ে। জয়ের নায়ক আসলে পেরেরা, ক্যারিয়ারের প্রথম ফিফটি ছুঁয়েছেন ৩০ বলে। ৫ ছয়ের ৩টি মেরেছেন রবিন পিটারসনকে, ডুমিনিকে গ্যালারিতে পাঠিয়ে দলকে এনে দিয়েছেন জয়। এর আগে ৪ রানের জন্য সেঞ্চুরি মিস করা ডি ভিলিয়ার্সের (৭৬ বলে ৯৬) কষ্ট আরও বেড়েছে দলের হারে।অধিনায়কত্ব থাকছে না, এই খবর কানে ঠিকই পৌঁছেছে। তবে দিলশান নাকি ওসব নিয়ে ভাবছেনই না। খুশি তরুণদের পারফর্ম করতে দেখেই, ‘চান্ডিমাল-পেরেরার মতো তরুণদের এভাবে নিয়মিত পারফর্ম করতে দেখতে চাই। আমি দেশের জন্য সম্ভব সব করেছি। উইকেটকিপিং করেছি। ওপেনিংয়ে পাঠানো হয়েছে, রাজি হয়েছি। আবার নিচে নামানো হয়েছে, খেলেছি। নেতৃত্ব দেওয়া হয়েছে, সাদরে নিয়েছি। এখন ক্যারিয়ারের শেষ কটা বছরে আছি, শেষ করতে চাই দারুণভাবে।’অধিনায়কত্ব নয়, তাঁর ভাবনায় আপাতত শেষ ম্যাচে জয়, ‘নির্বাচকেরা আমাকে এই সফর পর্যন্ত অধিনায়ক করেছেন, থাকব কি না সেই সিদ্ধান্তও তাঁদের। যে কেউ যা ইচ্ছা লিখতে পারে। আমি ওসবে কান দিচ্ছি না। আমি অধিনায়কত্ব উপভোগ করছি, শেষ ম্যাচ জিতে সিরিজ শেষ করতে চাই সম্মানজনকভাবে।’ জোহানেসবার্গে আজই সিরিজের শেষ ম্যাচ।সংক্ষিপ্ত স্কোর: দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ২৯৯/৭ (ডি ভিলিয়ার্স ৯৬, স্মিথ ৬৮, পিটারসেন ৩৭, ডুমিনি ৩৬; পেরেরা ২/৩৪, হেরাথ ২/৪৫)। শ্রীলঙ্কা: ৪৮.২ ওভারে ৩০৪/৫ (দিলশান ৮৭, পেরেরা ৬৯*, চান্ডিমাল ৫৯, সাঙ্গাকারা ৩২; সতসোবে ৩/৫১)। ম্যান অব দ্য ম্যাচ: থিসারা পেরেরা।