আকর্ণ বিস্তৃত হাসি। কথা বলার জন্য যেন মুখিয়ে ছিলেন। ম্যাচসেরার পুরস্কার নিতে এসে থিসারা পেরেরা নিজে থেকেই বলে ফেললেন একগাদা কথা, ‘আমার জন্য বিশেষ এক দিন। জীবনের প্রথম হ্যাটট্রিক! কোনো ধরনের ক্রিকেটেই কখনো হ্যাটট্রিক ছিল না। আমার স্বপ্ন পূরণ হলো।’সময় যাচ্ছে বটে পেরেরার। এক ম্যাচ আগেই ম্যাচসেরা হয়েছিলেন ৬ উইকেট নিয়ে। পরশু হ্যাটট্রিকসহ ৪ উইকেট। ওয়ানডেতে শ্রীলঙ্কার এটি সপ্তম হ্যাটট্রিক। পেরেরাকে দেওয়া উচিত আসলে ৫ উইকেটই। হ্যাটট্রিক ওভারেই বোলিং করে চিতার ক্ষিপ্রতায় ছুটে সরাসরি থ্রোতে যেভাবে রানআউট করেছেন সোহেল তানভিরকে, উইকেটটা হওয়া উচিত তো তাঁরই!পেরেরার হ্যাটট্রিক পরশু ফিরিয়ে এনেছে পুরোনো পাকিস্তানকে। একসময় এই পাকিস্তানকেই চিনত সবাই। তবে মিসবাহ-উল-হকের তো এই অভিজ্ঞতা খুব একটা হয়নি। তিনি দায়িত্ব নিয়েই অনেকটা পাল্টে দিয়েছিলেন চিরচেনা পাকিস্তানকে। পরশু আবারও দেখা গেল পাকিস্তানের সেই পুরোনো রূপ। সহজ জয়ের পথে থাকা দল হঠাৎ ধসে হারল বড় ব্যবধানে! ম্যাচ শেষে মিসবাহর চোখে-মুখে রাজ্যের বিস্ময়, ‘ম্যাচ পুরো আমাদের নিয়ন্ত্রণে ছিল। বলপ্রতি রান দরকার ছিল, ঝুঁকি নেওয়ার কোনো বালাই ছিল না। জানি না এরপর কী হয়ে গেল!’আজহার আলীকে নিয়ে পাকিস্তানকে জয়ের রাস্তায় রেখেছিলেন এই মিসবাহই। একপর্যায়ে ৭৬ বলে প্রয়োজন ছিল ৭৮ রান, হাতে ৮ উইকেট। মিসবাহকে (৫৭) আউট করে মালিঙ্গা ১১৩ রানের তৃতীয় উইকেট জুটি ভাঙার পর চোখের পলকে যেন পাল্টে গেল পরিস্থিতি। পরের ওভারে উমর আকমলকে ফেরালেন কুলাসেকারা। ইউনুস-আফ্রিদি-সরফরাজকে ফিরিয়ে পেরেরার হ্যাটট্রিক। ২ উইকেটে ১৬৬ থেকে পাকিস্তান হয়ে গেল ৯ উইকেটে ১৭৯! পরে শেষ উইকেটটিও নিয়ে দলকে সিরিজে এগিয়ে (২-১) দিলেন পেরেরা। আজ সিরিজের শেষ ম্যাচ। ওয়েবসাইট।