পেরেরার ৫ রানের আক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিলরুয়ান পেরেরা: ৯৫
দিলরুয়ান পেরেরা: ৯৫

তাঁর গল্পটা হতে পারত থিলান সামারাবীরার মতোই। অফস্পিনার হিসেবে টেস্ট ক্যাপ পেয়েছিলেন সামারাবীরা, যাঁর সামান্য ব্যাটিংয়েরও হাত আছে। সেই সামারাবীরা অভিষেকে আট নম্বরে নেমে করেছিলেন দারুণ এক সেঞ্চুরি। আজকের গল্পের চরিত্রও মূলত অফ স্পিনার। সামারাবীরা হয়ে যাচ্ছিলেন তিনিও। অভিষেকে সেই আটে নেমে সেঞ্চুরি প্রায় করেই ফেলেছিলেন। কিন্তু মুহূর্তের ভুলে সামারাবীরার সঙ্গে একবিন্দুতে মিলতে পারলেন না। ৯৫ রান করার তৃপ্তির সমান্তরালেই থাকল দিলরুয়ান পেরেরার ৫ রানের আক্ষেপ! তথ্যসূত্র: সনি সিক্স।
এই টেস্ট ক্যাপের জন্য কম অপেক্ষা করতে হয়নি পেরেরাকে। বয়স ৩১ পেরিয়েছে বেশ আগেই। উপমহাদেশের ধারা মানলে টেস্ট খেলার আশা ছেড়ে দেওয়ারই কথা। কিন্তু হাল না ছেড়ে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে গেছেন পেরেরা। সাড়ে চার শ প্রথম শ্রেণীর উইকেট নেওয়ার পর শেষ পর্যন্ত সুযোগও পেলেন টেস্টে। মনে হচ্ছিল, দীর্ঘ অপেক্ষার যন্ত্রণার প্রহরগুলো চাপা পড়বে অভাবনীয় প্রাপ্তির আনন্দে। উল্টো যোগ হলো নতুন আক্ষেপ। অভিষেকে আটে নেমে নড়বড়ে নব্বইয়ে কাটা পড়া ইতিহাসের প্রথম ব্যাটসম্যান পেরেরা। অভিষেক ইনিংসে নব্বই করা প্রথম লঙ্কানও। এসব তথ্য শুধুই ভারী করবে তাঁর নিঃশ্বাস!
শ্রীলঙ্কার ইনিংসে কাল আক্ষেপের গল্প আছে আরও একটি। তবে তিনি মোটামুটি অভ্যস্তই হয়ে উঠছেন তাতে। টেস্ট ক্যারিয়ারে অ্যাঞ্জেলো ম্যাথুসের সেঞ্চুরি দুটি, অথচ নড়বড়ে নব্বইয়ে আউট হলেন কাল নিয়ে চারবার! ৬ ও ৮ নম্বর ব্যাটসম্যানের নব্বইয়ে আউট হওয়াও টেস্ট ইতিহাসে এই প্রথম। দুজনের ইনিংস এগিয়েছেও একই গতিতে। ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়েছেন দুজনই। দুজনের শেষ আবার ধারার বিপরীতে বাজে শট খেলে। জুনাইদের অফ স্টাম্পের অনেক বাইরের বল উড়িয়ে মেরে সেঞ্চুরি হারিয়েছেন ম্যাথুস। তালহাকে হুক করে লং লেগে জুনাইদের ক্যাচ পেরেরা।
লঙ্কার কৌশল কাল ছিল প্রথম দিনের মতোই। এগিয়ে থাকায় জয়ের তাড়া নেই, ড্র করলেই সিরিজ জয়। লঙ্কানরা এগিয়েছে তাই শম্বুকগতিতে। রানরেট কালও আড়াইয়ের ওপর ওঠেনি, মাথা কুটে মরেছেন পাকিস্তান বোলাররা। শেষ পর্যন্ত শেষ বিকেলে ইনিংস ঘোষণা করেছেন ম্যাথুস। পাকিস্তানি দুই ওপেনার দিনটা পার করেছেন নিরাপদে। দায়টা যেহেতু নিজেদের, ম্যাচ জিতে সিরিজ বাঁচাতে হলে বাকি তিন দিনে দারুণ কিছু করতে হবে পাকিস্তানকে।