পেলে কিংবা আলী হতে চান বোল্ট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সর্বকালের অন্যতম সেরা ক্রীড়াবিদ হতে চান উসাইন বোল্ট ছবি: রয়টার্স
সর্বকালের অন্যতম সেরা ক্রীড়াবিদ হতে চান উসাইন বোল্ট ছবি: রয়টার্স

ডোপ পরীক্ষায় পজিটিভ হওয়ায় টাইসন গে নেই। একই কারণে নেই আসাফা পাওয়েলও। চোট কেড়ে নিয়েছে ইয়োহান ব্লেককে। আজ শনিবার মস্কোয় শুরু হতে চলা বিশ্ব অ্যাথলেটকিস চ্যাম্পিয়নশিপে উসাইন বোল্টকে চ্যালেঞ্জ জানানোর যেন কেউ নেই! জ্যামাইকান স্প্রিন্টারের প্রবল প্রতিদ্বন্দ্বী অবশ্য একজন আছেন। সেটা তিনি নিজেই। গে-পাওয়েল-ব্লেকরা নেই তো কী হয়েছে, নিজেকে ছাড়িয়ে যাওয়ার সুযোগটা তো বোল্টের সামনে রয়েছেই। বেইজিংয়ের পর গত বছর লন্ডন অলিম্পিকেও ১০০, ২০০ ও ৪–১০০ মিটারে সোনা জেতেন বোল্ট। লন্ডন অলিম্পিক চলার সময়ই ঘোষণা দিয়েছিলেন, ‘আমি এখন জীবন্ত কিংবদন্তি।’ নিঃসন্দেহে কিংবদন্তি অ্যাথলেটদের একজন বোল্ট। তবে এখনো মাইকেল জর্ডান (বাস্কেটবল), মোহাম্মদ আলী (বক্সিং), পেলের (ফুটবল) মতো কিংবদন্তির তালিকায় নিজেকে দেখেন না তিনি। বোল্ট মনে করেন, তাঁদের কাতারে যেতে হলে আরও কিছু করে দেখাতে হবে তাঁকে।

বিশ্ব চ্যাম্পিয়নশিপ শুরুর আগমুহূর্তে জ্যামাইকান গ্লিনারকে নিজের লক্ষ্যের কথাটাই জানালেন অলিম্পিকে ছয়টি সোনাজয়ী বোল্ট, ‘অন্যদের চেয়ে নিজেকে ওপরে রাখতে চাই আমি। সর্বকালের অন্যতম সেরা অ্যাথলেট হতে চাই। মাইকেল জর্ডান, মোহাম্মদ আলী ও পেলের মতো আমাকে নিয়েও যেন আলোচনা হয়, সেটা চাই।’

নিজের লক্ষ্যে পৌঁছাতে গেলে প্রতিদ্বন্দ্বীদের নিয়ে যে ভাবলে চলবে না, সেটাও উল্লেখ করতে ভোলেননি জ্যামাইকান স্প্রিন্টার, ‘আমি কিংবদন্তিদের একজন হতে চাই। আমি জানি, এর জন্য নিজের সঙ্গে লড়তে হবে আমাকে। কার বিরুদ্ধে খেলছি, সেটা মুখ্য নয়। এমন কিছু করতে হবে, অবসর নেওয়ার পর সর্বকালের সেরা ক্রীড়াবিদদের একজন হিসেবে যেন সবাই আমাকে মনে রাখে।’

১০০ মিটার (৯.৫৮ সেকেন্ড) ও ২০০ মিটার (১৯.১৯) স্প্রিন্টের বিশ্বরেকর্ডটা বোল্টের দখলে। ৪–১০০ মিটারে জ্যামাইকার দলগত বিশ্বরেকর্ডের (৩৬.৮৪ সেকেন্ড) অংশীদারও তিনি। ইতিহাসের প্রথম অ্যাথলেট হিসেবে টানা দুটি অলিম্পিকে জিতেছেন ১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট। ২৬ বছর বয়সী বোল্টের সর্বকালের অন্যতম সেরা ক্রীড়াবিদ হওয়ার চাওয়াটা তাই উচ্চাভিলাষ নয় মোটেই।

অবশ্য গতবার বিশ্বচ্যাম্পিয়নশিপেই ফলস্ স্টার্ট করে রীতিমতো নিজেকে হতাশায় ডুবিয়েছিলেন। এবার সেই হতাশাও তো মুছতে হবে, নাকি! আজ এবং আগামীকাল এই দুইদিন হবে ১০০ মিটারের বাছাই ও ফাইনাল।