পেলে-ম্যারাডোনা হতে চান রুনি
যুক্তরাষ্ট্রের সঙ্গে ড্র (১-১) করার পর থেকেই যারা ইংলিশদের সমালোচনায় সরব, এবার কিন্তু তাদের সাবধান হওয়াই উচিত। আরেকজন পেলে কিংবা আরেকজন ম্যারাডোনার দেখা কোনো দিন মিলবে কি না, এ নিয়ে বিশ্ব সন্দিহান। অথচ কেবল পেলে কিংবা কেবল ম্যারাডোনা নন, ইংলিশ স্ট্রাইকার ওয়েইন রুনি হতে চাইছেন দুজনেরই ছায়া!রুনি পেলে-ম্যারাডোনার ছায়া হলে তার ফলটা কী হবে একবার ভাবুন। বাকি দলগুলোর স্বপ্নভঙ্গ করে ৪৪ বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন হবে ইংল্যান্ড! রুনিও তা-ই চাইছেন। পেলে-ম্যারাডোনার মতো একক নৈপুণ্যের ঝলকে ইংল্যান্ডকে উপহার দিতে চান বিশ্বকাপ, ‘নিজেকে বিশ্বমানের প্রমাণ করতে এটা (বিশ্বকাপ) আমার জন্য বিশাল সুযোগ। আমিও সেদিকেই তাকিয়ে আছি, যা পেলে-ম্যারাডোনা করেছেন। তাঁরা বিশ্বকাপটা গলায় ঝুলিয়েছিলেন মূলত একক নৈপুণ্যে। আমি যদি তাঁদের অর্ধেকও পারি, সেটা হবে দারুণ।’বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ইনজুরির শিকার হয়েছিলেন। এর পর থেকেই নাকি নিজের সেরাটা খেলতে পারেননি রুনি, ‘বায়ার্নের বিপক্ষে ম্যাচে ইনজুরির পর থেকে আমি যে খেলাটা খেলতে চাই, সেটা কঠিন হয়ে পড়েছিল।’ রুনির মুখে তাই পেলে, ম্যারাডোনার ছায়া খুঁজে বেড়ানোর ঘোষণাটা একটু বেশিই মনে হচ্ছে এই মুহূর্তে। তা ছাড়া একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা যেমন তাঁর আছে, তেমনি তাঁকে নিয়ে আছে ভয়ও। জার্মানি বিশ্বকাপে লাল কার্ড দেখেছিলেন রুনি। কেউ কেউ এবারও সেই সম্ভাবনার কথা বলেছেন ঠারেঠোরে। তবে রুনি এ ব্যাপারেও শোনাচ্ছেন প্রতিজ্ঞা—লাল কার্ড দেখতে হয় এমন কোনো আচরণই নাকি করবেন না এবার। প্রতিশ্রুতি দিয়েছেন গোল করারও, ‘আমি অবশ্যই গোল করতে চাই। দল জিতলে গোল না করলেও আমি মন খারাপ করি না। তবে দলের জয়ের জন্য আমাকে গোল করতেই হবে।’আজ আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের আগে রুনি মনে করিয়ে দিলেন আরেকটা কথাও, ‘আন্তর্জাতিক ফুটবল এখন খুবই কঠিন। ম্যাচ জিততে ১১ জন খেলোয়াড়ের ৯ জনকেই ভালো খেলতে হবে।’ এবারের বিশ্বকাপে প্রথম জয় দেখতে রুনির কথাটা বোধহয় শোনা উচিত তাঁর সতীর্থদেরও। ওয়েবসাইট।