পেলে-ম্যারাডোনার বন্ধুত্ব!
সর্বকালের সেরা দুই ফুটবলার, পেলে ও ম্যারাডোনার বাক-যুদ্ধের সঙ্গে সবাই পরিচিত। ব্রাজিলিয়ান কিংবদন্তি কোনো একটা মন্তব্য করলে সেটার পাল্টা জবাব দিতে কখনোই ভোলেন না আর্জেন্টিনার ফুটবল ‘ঈশ্বর’। তবে গণমাধ্যমবাহিত এই দ্বন্দ্বের আড়ালে ম্যারাডোনাকে একজন ভালো বন্ধু বলেও মনে করেন পেলে। আর ম্যারাডোনা তাঁর উদ্দেশে যেসব বাক্যবাণ ছুড়ে দেন, সেগুলো খুব উপভোগও করেন বলে জানিয়েছেন ব্রাজিলের হয়ে তিনবারের বিশ্বকাপজয়ী এই ফুটবলার।ম্যারাডোনা-পেলের বাক-যুদ্ধটা বেশ সরবভাবেই উপস্থাপিত হয় সংবাদপত্রের পাতায়। এগুলোর অনেকগুলোই ফুটবলবিশ্বের স্মরণীয় উক্তি হিসেবে ঠাঁই পেয়েছে। পেলেকে উদ্দেশ করে ম্যারাডোনা একবার বলেছিলেন যে ব্রাজিলিয়ান কিংবদন্তি হয়তো সময়মতো ওষুধ খেতে ভুলে গেছেন। বিপরীতে পেলেও কটাক্ষ করেন ম্যারাডোনার বিতর্কিত জীবনাচরণ নিয়ে। চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশের বর্তমান দুই তারকা নেইমার ও মেসিকে নিয়েও বাক-যুদ্ধে জড়ান এই দুই সাবেক ফুটবলার। তবে শেষ পর্যন্ত এগুলো নাকি পেলের কাছে শুধুই হাস্যরসের উদ্রেক ঘটায়। আর এগুলো তাঁদের সম্পর্কে কোনোই প্রভাব ফেলে না। গত শুক্রবার এক সাক্ষাত্কারে পেলে বলেছেন, ‘ম্যারাডোনা আমাকে ভালোবাসে। আমরা একে অপরের সঙ্গে অনেক খেলেছি। এটাও একধরনের খেলা। আমাদের সম্পর্ক খুবই চমত্কার।’এখন পেলের এই মন্তব্যের পাল্টা জবাব ম্যারাডোনা দেবেন কি না বা কীভাবে দেবে, সেটাই দেখার বিষয়। ওয়েবসাইট