পেলে-যুগের সমালোচনায় দুঙ্গা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা গৃহযুদ্ধেরই যেন আভাস দিলেন তিনি। ব্রাজিলের বর্তমান দলের সৌন্দর্য, ছন্দ আগের মতো নেই অভিযোগ তুলে সমালোচকেরা ১৯৭০ সালে পেলের বিশ্বকাপ জয়ী দলের উদাহরণ টেনে আনে। সমালোচনায় বিরক্ত হয়ে পুরো পেলে-যুগের খেলার মান নিয়েই প্রশ্ন তুললেন কার্লোস দুঙ্গা! নিজের দেশের কিংবদন্তির যুগের সমালোচনা করায় দুঙ্গাকে পাল্টা কী সমালোচনার সম্মুখীন হয়—এটাই এখন দেখার অপেক্ষা।ব্রাজিল ফুটবলের ইতিহাস বলতে বোঝায় পেলে-যুগের সোনালি ইতিহাস। চারটি বিশ্বকাপে অংশ নিয়ে ব্রাজিলের তিনটি বিশ্বকাপ জয়ের সাক্ষী হয়ে আছেন পেলে। ১৯৫৮ সালে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে বিশ্বকাপে অংশ নিয়েছিলেন। চার ম্যাচে হ্যাটট্রিকসহ ছয়টি গোল করে ব্রাজিলকে প্রথমবারের মতো শিরোপার মুখ দেখিয়েছিলেন পেলে। ১৯৬২ সালের বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় শিরোপা জয়ী দলের হয়েও খেলেছেন তিনি। ১৯৬৬ সালের বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে ছিটকে পড়ে ব্রাজিল। তবে ১৯৭০ সালে বিশ্বকাপে ঠিকই শিরোপার মুখ দেখে পেলের ব্রাজিল। সেটাই ছিল ‘ফুটবলের রাজার’ শেষ বিশ্বকাপ। এ দলটিকেই ব্রাজিলের ইতিহাসে সেরা দল হিসেবে বিবেচনা করা হয়। স্বাভাবিকভাবেই বর্তমান দলের সমালোচনা হলে ১৯৭০ সালের দলটির প্রসঙ্গ চলে আসে। তবে দুঙ্গার দাবি, তখন টেলিভিশন মানুষের হাতের নাগালে ছিল না বলেই সেই দলকে এতটা শ্রদ্ধা করা হয়!বর্তমান দলের সমালোচনার প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ দুঙ্গা বলছেন, ‘১৯৭০ সালে আমাদের ঘরেও টেলিভিশন ছিল না। টেলিভিশন হাইলাইটসে কেবল ভালো কয়েকটি অংশ দেখানো হয় বলে দলটিকে এতটা ভালো মনে হয়।’এখানেই থামেননি ব্রাজিলের ১৯৯৪ সালের বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক। টেনে এনেছেন পুরো পেলে-যুগের ইতিহাস। রাগে গজগজ করে দুঙ্গা বলছেন, ‘ব্রাজিল ভালো করেনি বলে কেউ ১৯৬৬ সালের দলটির কথা বলে না। ১৯৫৮ ও ১৯৬২ সালের বিশ্বকাপের ভালো দিকগুলোই কেবল বেছে বেছে দেখানো হয়।’অতীতকে ভালো বলা মানুষের স্বভাব উল্লেখ করে মিডিয়ার সমালোচনা করতেও ছাড়েননি কার্লোস দুঙ্গা। তিনি বলছেন, ‘আমাদের ভালো দিকের বদলে খারাপ দিকগুলোই বেশি প্রচারিত হয়। ছয়-সাতটি গোল করলে বলা হয়, প্রতিপক্ষ ভালো খেলেনি। আগের মতো কেটে কেটে ভালো দিকগুলো দেখালে বর্তমান ব্রাজিল দলকেও অতুলনীয় মনে হতো।’