পেলে-রোনালদোরা 'বিশ্বাসঘাতক' !

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেলে-রোনালদোকে ‘বিশ্বাসঘাতক’ বললেন আন্দোলনকারীরা।
পেলে-রোনালদোকে ‘বিশ্বাসঘাতক’ বললেন আন্দোলনকারীরা।

তাঁদের হাত ধরে ব্রাজিলের হাতে একবার নয়, পাঁচবারই উঠেছে বহু আরাধ্যের বিশ্বকাপ। অথচ সেই পেলে-রোনালদো কিনা ‘বিশ্বাসঘাতক’, সেটিও ব্রাজিলের কিছু মানুষের চোখেই! কেন? কারণ এ দুজন ব্রাজিল বিশ্বকাপের অন্যতম প্রধান দুই দূত। আর এতেই চটেছে বিক্ষোভকারীরা। ব্রাজিলে বিশ্বকাপ আয়োজনের বিরোধিতা চলছে বহুদিন ধরেই।
বুধবারও আন্দোলনকারীরা জড়ো হয় রিওর রাস্তায়। কারও কারও প্ল্যাকার্ডে শোভা পাচ্ছিল, ‘পেলে, শতকের সেরা বিশ্বাসঘাতক’ লেখা! চলতি বছরের জুনে অনুষ্ঠেয় বিশ্বকাপের আয়োজক কমিটিতে রয়েছেন পেলে-রোনালদো। এ কারণে প্রতিবাদকারীরা এ দুজনকে ‘জনগণের শত্রু’ হিসেবে আখ্যায়িত করেছে।
এবারের বিশ্বকাপ আয়োজনে প্রায় ১১ বিলিয়ন মার্কিন ডলার খরচ হবে বলে ধারণা করা হচ্ছে। বিপুল এ ব্যয় নিয়েই আন্দোলনকারীদের প্রশ্ন। কারণ, বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে জনগণের সুযোগ-সুবিধা কমছে, বাড়ছে রাজনীতিকদের দুর্নীতি। আর এতেই ক্ষুব্ধ জনগণ। গত বছর কনফেডারেশনস কাপ চলাকালীন জনগণের ক্ষোভ ভালোই টের পেয়েছিল ব্রাজিল সরকার। ৩২ বছর বয়সী আন্দোলনকারী ক্যারোলিনা বলেন, ‘তাঁরা (পেলে ও রোনালদো) কিংবদন্তি খেলোয়াড় ছিলেন ঠিক আছে, তবে এখন তাঁরা ধরাছোঁয়ার বাইরে। এটা লজ্জার বিষয়।’