পেলে-রোমারিওর মাঝে রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলের দুই কিংবদন্তি পেলে ও রোমারিওর দ্বন্দ্বটা পুরোনো। অবাক করা ব্যাপার, এটা নাকি জানতেনই না আরেক ব্রাজিল কিংবদন্তি রোনালদো। গত শুক্রবার বিস্মিত রোনালদো প্রশ্ন তুলেছেন, ‘পেলে ও রোমারিওর মধ্যে ব্যাপারটা আসলে কী?’ ২০১৪ বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে গেছে আগেই। আয়োজক কমিটিতে আছেন রোনালদো। আয়োজক কমিটিরই এক সভায় কথা উঠেছিল এটা নিয়ে। সেখানেই রোনালদো জানালেন বিষয়টি সম্পর্কে তাঁর অজ্ঞতা। পুরো ব্রাজিল যেখানে অনেক আগে থেকেই দুজনের রেষারেষি জেনে বসে আছে, সেখানে রোনালদোর ‘অজ্ঞতা’ আভাস দেয়, চাইলে ভালো রাজনীতিবিদ হতে পারবেন এই সাবেক স্ট্রাইকার! যখন বিষয়টি জানার পর তাঁর প্রতিক্রিয়া জানা হলো, স্মিতহাস্য রোনালদো উত্তর দিলেন, ‘আমি কি এটা নিয়ে কথা বলব? ব্যাপারটা চুকে যাক না।’”রোমারিও ও পেলের সাম্প্রতিক বাহাস শুরু হয়েছে চিলির সঙ্গে ব্রাজিলের ড্র করার পর। পেলে মত দিয়েছিলেন, স্কলারির করিন্থিয়ানসের খেলোয়াড়দের অগ্রাধিকার দেওয়া উচিত ব্রাজিল দলে। মুখ বন্ধ রাখতে পারেননি রোমারিও, ‘তিনি (পেলে) যে ভিত্তিতে দল সাজানোর কথা বলেছেন, এর চেয়ে হাস্যকর কথা আগে কেউ বলেনি।’ পেলেও পাল্টা পাটকেল ছুড়েছেন, ‘সে কিছুই জানে না, এ জন্যই সে এত কথা বলছে। আমি একজন ক্যাথলিক। আর ঈশ্বর বলেছেন মূর্খকে ক্ষমা করে দাও। আমিও তাই দিলাম।’কিন্তু চুপ করে থাকাটা কি রোমারিওর ধাতে সয়? একেবারে মোক্ষম অস্ত্রটা ছুড়লেন, ‘পেলে বলেছেন তিনি নাকি ভালো ক্যাথলিক। কিন্তু কেমন ক্যাথলিক যে নিজের মেয়ের শেষকৃত্যানুষ্ঠানেই যান না।’ পেলের মেয়ে সান্দ্রা ক্যানসারে ভুগে মারা যান ২০০৬ সালে, তাঁর মৃত্যুর পর পেলে নাকি অন্ত্যেষ্টিক্রিয়াতে অংশ নেননি! ওয়েবসাইট।