পেলে শেষ পর্যন্ত এলেন, তবে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘোষণাটা আগেই দিয়ে রেখেছিলেন পেলে—ঘরের মাঠে ২০১৪ বিশ্বকাপের প্রাথমিক পর্বের ড্র অনুষ্ঠানে যোগ দেবেন না। তবে গতকাল শনিবার ঠিকই অনুষ্ঠানে যোগ দিয়েছেন এই কিংবদন্তি ফুটবলার।তাহলে কি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রধান রিকার্ডো টিসেরার সঙ্গে ‘মনোমালিন্যের’ অবসান ঘটল পেলের? ভুল করেও এমনটা ভাববেন না। দুজনের বৈরী সম্পর্কটা ঠিক আগের মতোই আছে। এই ড্র অনুষ্ঠানে পেলেকে আমন্ত্রণও জানাননি বিশ্বকাপ আয়োজক কমিটির সভাপতি টিসেরা। ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রওসেফের আনুষ্ঠানিক আমন্ত্রণে অবশেষে অনুষ্ঠানে যোগ দেন পেলে।শেষ পর্যন্ত পেলে আসবেন ভেবেই হয়তো তাঁকে চূড়ান্ত ‘অপমান’ করার ব্যবস্থাটাও করে রেখেছিল আয়োজক কমিটি। ব্রাজিলকে তিনটি বিশ্বকাপ এনে দেওয়া ফুটবলার ও ২০১৪ বিশ্বকাপের দূত পেলের জন্য রাখা হয় পেছনের সারির একটি আসন! তবে পেলে সেখানে বসেননি, বসেন সামনের সারির একটি আসনে। এর আগে পেলেকে উষ্ণ অভিনন্দন জানান প্রেসিডেন্ট রওসেফ। ফুটবলের ‘রাজা’ ভালোবাসায় সিক্ত হন ফুটবল-ভক্তদেরও। রওসেফ বলেন, ‘পেলে চিরদিন আমাদের সবার মণিকোঠায় থাকবেন।’বিশ্বকাপের দূত হিসেবে টিসেরার পছন্দ ছিল রোমারিও। কিন্তু ব্রাজিল সরকার এতে হস্তক্ষেপ করে। সরকারের বিশ্বকাপ দূত হিসেবে নির্বাচিত হন পেলে। ক্ষুব্ধ হয়েই হয়তো সরকারের নির্বাচিত বিশ্বকাপ দূতকে ড্র অনুষ্ঠানে আমন্ত্রণ জানাননি টিসেরা। রয়টার্স।