পেলেকে আবারও ব্যঙ্গ ম্যারাডোনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেলে–ম্যারাডোনার এই সম্পর্ক এখন রূপ নিয়েছে তিক্ততায় l ফাইল ছবি
পেলে–ম্যারাডোনার এই সম্পর্ক এখন রূপ নিয়েছে তিক্ততায় l ফাইল ছবি

‘আমার সঙ্গে কীভাবে পেলের তুলনা করছেন? তাঁর প্রতিপক্ষ খেলোয়াড়েরা তো ঠিকমতো নড়তেও পারত না৷’
প্রথম বাক্যটা পড়ার সঙ্গে সঙ্গেই নিশ্চয় বুঝতে পেরেছেন এই অমিয়বচন কার মুখনিঃসৃত! পেলেকে নিয়ে ডিয়েগো ম্যারাডোনার এমন তাচ্ছিল্য অবশ্য নতুন নয়। এ রকম কথার হুল সুযোগ পেলেই ফুটিয়ে দেন ম্যারাডোনা। পেলে এমন চাঁছাছোলা কিছু না বললেও হাবেভাবে বুঝিয়ে দিয়েছেন, ম্যারাডোনাকে তিনিও গ্রাহ্য করেন না। কিন্তু ম্যারাডোনা নতুন যে খোঁচাটা মারলেন, এর পরও কি চুপ করে থাকবেন পেলে?
নিজের দেশে পেলের আসন কোথায় সেটা সবাই জানেন। ব্রাজিলকে তিনটি বিশ্বকাপ এনে দিয়েছিলেন, পেলের অধিষ্ঠান তাই অনতিক্রম্য উচ্চতাতেই। অথচ ম্যারাডোনা কী অবলীলায়ই না বলে দিলেন, ‘ব্রাজিলে আমাকে কীভাবে বরণ করে নেওয়া হয়েছে? পেলের চেয়ে ভালোভাবে তো বটেই, যদিও সেটা এমন কিছু নয়৷’ আগেও পেলেকে ‘বাতিল মাল’ বলে পরোক্ষ খোঁচা দিয়েছেন। এবারও ম্যারাডোনা সেই ‘সুযোগটা’ হাতছাড়া করলেন না, ‘আপনি ওকে জাদুঘরে চলে যেতে বলতে পারেন।’
দুজন দুই সময়ের হলেও তাঁদের মধ্যে তুলনাটা ফুটবলের অমীমাংসিত বিতর্কগুলোর একটি হয়েই থেকেছে। এর মধ্যে অনেক সময় গড়িয়েছে, মাঝেমধ্যে একটু থিতিয়ে গেলেও বিতর্ক এখনো চলছে। তুলনাটা এখন বরং ছড়িয়ে গেছে তাঁদের উত্তরসূরিদের মধ্যে। নেইমার ও লিওনেল মেসি তো ব্রাজিল-আর্জেন্টিনার নিজেদের সময়ের সবচেয়ে বড় তারকা। দুজনেই অবশ্য বার্সেলোনা সতীর্থ, পূর্বসূরিদের মতো বিভেদের দেয়াল তাঁরা তাই গড়ে উঠতে দেননি। ম্যারাডোনা মানলেন, নেইমার এখন পেলের মতোই ব্রাজিলের স্বপ্নের সারিথ, ‘নেইমার এখনকার পেলে। ব্রাজিলে সে বিশাল কিছু, সবাই ওকে ব্রাজিলিয়ান ফুটবলের প্রতীক হিসেবে দেখে।’ এই কথায় ম্যারাডোনাকে চেনা যাচ্ছে না? পরের কথাটা শুনুন, ‘আমার ও পেলের সঙ্গে যতটা দূরত্ব, মেসি ও নেইমারের মধ্যে ঠিক ততটাই দূরত্ব’। আর পেলেকে কোন দৃষ্টিতে দেখেন, সেটা তো পরিষ্কারই করে দিয়েছেন!
পেলে-ম্যারাডোনা, মেসি-নেইমার থাকবে, ব্রাজিল-আর্জেন্টিনা প্রসঙ্গ আসবে না তাও কী হয়! চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ম্যারাডোনার বিশ্বকাপ স্মৃতি অম্লমধুর। ১৯৮২ বিশ্বকাপে চোখের জলে মাঠ ছাড়লেও আট বছর পর ইতালিতে ঠিকই ব্রাজিলকে হারিয়েছিলেন ম্যারাডোনা। এবারও সে রকম কিছু দেখার জন্য তাই তর সইছে না তাঁর, ‘আশা করি আর্জেন্টিনা ফাইনালে যেতে পারবে। আর ব্রাজিল তো সেখানে থাকবেই। ওদেরকে ফাইনালে হারাতে পারলে সেটার চেয়ে আদিম সুখ আর কী হতে পারে!’ ওয়েবসাইট।