পেলেকে জবাব দিলেন ম্যারাডোনা
ডিয়েগো ম্যারাডোনা মুখ খুলেছেন, এতে বিস্ময়ের কিছু নেই। মুখ খোলারই কথা। পেলে যে তাঁর প্রিয় শিষ্য সম্পর্কে একের পর এক মন্তব্য করেই চলেছেন। এবার যখন পেলে দাবি করে বসলেন লিওনেল মেসির চেয়ে নেইমার অনেক ভালো, চুপ থাকতে পারলেন না ম্যারাডোনা। ঝাঁজাল সমালোচনা করলেন পেলের।ম্যারাডোনার দাবি পেলে প্রলাপ বকছেন, ‘পেলে আসলে ভুল ওষুধ খেয়েছেন। রাতের ওষুধ খাওয়ার বদলে খেয়েছেন সকালের ওষুধ। এ কারণেই উনি বিভ্রান্ত। আর তাই বুঝতে পারছেন না কী সব বলছেন। আমার পরামর্শ হলো, পরেরবার এ ধরনের কথাবার্তা বলার আগে উনি যেন ঠিক সময় ঠিক ওষুধটা খান। যে চিকি ৎসকের কাছে চিকি ৎসা নিচ্ছেন, সেটাও পাল্টানো দরকার।’এমনিতে মন খারাপ ম্যারাডোনার। প্রিয় মাকে দিন কয়েক আগে সমাহিত করে ফিরেছেন দুবাইয়ে। এই সময় পেলের এ ধরনের কথাবার্তা সহ্য করবেন কীভাবে! তবে আবেগতাড়িত ম্যারাডোনা নয়, পেশাদার ম্যারাডোনার পরিচয় মিলল এ কথায়, ‘আমার জন্য খুবই আবেগময় মুহূর্ত ছিল। তবে মাকে সমাহিত করার পরের মুহূর্তেই আমার ভাবনায় এসেছিল দলের কাছে ফিরে আসা। দলের কাছে আমার অনেক ঋণ। তারা আমাকে অনেক সমর্থন দিয়েছে। তারা ভালো ফর্মেও আছে।’আরব আমিরাত লিগে দ্বিতীয় স্থানে আছে আল ওয়াসল। ওয়েবসাইট।