পেলেকেও দুয়ো শুনতে হতো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর কনফেডারেশনস কাপে সর্বোচ্চ গোলদাতা হওয়ায় প্রত্যাশাটা বেড়ে গিয়েছিল তাঁর কাছে। ব্রাজিল বিশ্বকাপ শুরু হতেই বোঝা গেল, প্রত্যাশা পূরণের অবস্থায় নেই ফ্রেড। আর এমনিতেও জেয়ারজিনহো, রোমারিও, বেবেতো, রোনালদোর জায়গা নেওয়ার কাজটা সহজ ছিল না কখনোই। কিন্তু তবু লুইস ফেলিপে স্কলারি আস্থা রেখেছিলেন ফ্রেডের ওপর। সেই আস্থা পূরণের ধারেকাছে যাওয়া তো দূরের কথা, একেবারেই অকার্যকর প্রমাণিত হলেন ব্রাজিলের ‘নাম্বার নাইন’। দুঃস্বপ্নের বিশ্বকাপের পরই তাই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিয়েছেন। তাতে অবশ্য মনে হয় না ব্রাজিলিয়ানদের ক্ষোভ কমেছে ফ্রেডের ওপর। যেখানেই যাচ্ছেন, প্রশ্ন শুনতে হচ্ছে তাঁর ব্যর্থতা নিয়ে।
একের পর এক সমালোচনায় হয়তো ধৈর্যের বাঁধ ভেঙে গেছে ফ্রেডের। ব্রাজিলিয়ান দৈনিক ও এস্তাদো দে সাও পাওলোর কাছে খেপে গিয়ে বলেছেন, ‘আমরা সর্বশেষ দুটি ম্যাচে ভালো খেলতে পারিনি। কিন্তু সে জন্য সমালোচনা পুরো দলের পাওনা, আমার একার নয়। হ্যাঁ, আমারও তাতে দায় আছে। কিন্তু সেটা বাকি সবার মতো, আমার আলাদা নয়। আমরা দল হিসেবেই ব্যর্থ।’
নিদারুণ ব্যর্থতায় প্রায় প্রতি ম্যাচেই দর্শকদের দুয়ো শুনতে হয়েছে ফ্রেডকে। জার্মানির বিপক্ষে সেমিফাইনালে কোচ তাঁকে তুলে নেওয়ার সময় গ্যালারির স্বাগতিক সমর্থকেরা মনের ঝাল মিটিয়ে বকাবকি করেছেন। তবে ফ্রেড মনে করেন অমন পরিস্থিতিতে যে কেউই সমর্থকদের রোষের শিকার হতেন, ‘৫-০ গোলে পিছিয়ে যাওয়ার পর সবাই আমাকে দুয়ো দিয়েছে। কিন্তু এমন অবাস্তব পরিস্থিতিতে এটা যে কারও সঙ্গেই হতে পারত। এমনকি স্বয়ং পেলেও যদি এমন একটা বাজে সন্ধ্যা কাটাতেন তাঁকেও সমর্থকদের দুয়ো শুনতে হতো। এটা শুধু আমার দোষ না।’ ইএসপিএন।