পেলেগ্রিনিও ভাবতে পারেননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচের আগেই যেন বিনা মেঘে বজ্রপাত। ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম একাদশে নেই রবিন
ফন পার্সি! এটাই হয়তো আভাস দিয়েছিল দিনটা ইউনাইটেডের নয়। আর মাঠেই দেখা গেছে, ফন পার্সির অভাব কতটা ভুগিয়েছে ছন্নছাড়া ‘রেড ডেভিলদের’। তাই বলে ৪-১ গোলে হার! ম্যাচ শুরুর আগে কে এটা ভাবতে পেরেছিল?
আর যে-ই ভাবুন, ম্যানচেস্টার সিটির কোচ ম্যানুয়েল পেলিগ্রিনি অন্তত ভাবেননি। ম্যাচ শেষে জানিয়েছেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জয়টা ছিল দুর্দান্ত। ফলটা যে ৪-১ হবে সেটা কেউই আগে ভাবতে পারেনি। কিন্তু দল যেভাবে খেলেছে সেটাই আমাকে বেশি সন্তুষ্ট করেছে। আমি খুবই খুশি। আমরা মাত্র কাজ শুরু করেছি। ডার্বি আমাদের অনেক আত্মবিশ্বাস দেবে।’
সামির নাসরি অতটা কূটনীতির ধার ধারেননি। বলে দিলেন এটা একরকম প্রতিশোধই, ‘আজকের দিনটা ছিল প্রতিশোধের মতোই। সর্বশেষ মৌসুমে আমরা ব্যথিত ছিলাম কারণ রবিন (ফন পার্সি) খেলার শেষ দিকে ফ্রি-কিক থেকে একটা গোল করেছিল।’ নিয়তির কি নির্মম পরিহাস, পরশু অসহায় দর্শক হয়ে ম্যাচটা দেখতে হয়েছে ডাচ স্ট্রাইকারকে!
গত দুই মৌসুমে এই দুই দলের যারা সিটির মাঠে জিতেছে, তারাই পরে জিতেছে ইংলিশ লিগ। অনেকে তাই এবারের জয়ী সিটির হাতে শিরোপা উঠতে পারে বলে ভেবে নিতে পারেন। কিন্তু সিটির অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি আবেগে না ভেসে পা রাখছেন মাটিতেই, ‘এখনই চূড়ান্ত কিছু বলা কঠিন। মৌসুমের এই অবস্থায় আপনি এখনই কিছু বলতে পারেন না। আমরা যখন ওল্ড ট্রাফোর্ডে ৬-১ গোলে জিতেছিলাম, তখনই আমি বলেছিলাম আমাদের শান্ত থাকতে হবে। এটা শুধুই ৩ পয়েন্ট, তবে অবশ্যই ভালো একটা জয়। সমর্থকেরা বেশ কয়েক দিন উদ্যাপনের একটা সুযোগও পেল।’
মুদ্রার উল্টো পিঠের গল্পটাও এবার শুনুন। ইউনাইটেডে কোচিং ক্যারিয়ারের নতুন অধ্যায়টা দুঃস্বপ্নের মতো যাচ্ছে ডেভিড ময়েসের। প্রথম পাঁচ ম্যাচে মাত্র ৭ পয়েন্ট, পয়েন্ট তালিকায় ইউনাইটেড আটে। তবে সিটির কাছে তাদের এভাবে বিধ্বস্ত হওয়াটা ছাপিয়ে গেছে সবকিছুকেই। এমন হারের জন্য কোনো অজুহাত দাঁড় করাননি ময়েস, ‘আমরা কখনোই ম্যাচটা মুঠোয় পুরতে পারিনি। তাদের থামাতে পারিনি।’ তবে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন ইউনাইটেড কোচ, ‘প্রত্যেক ম্যানেজারেরই বাজে দিন আসে। আমিও ব্যতিক্রম নই। তবে এই দলের খেলোয়াড়েরা যেভাবে এই পর্যায়ে এসেছে, তারা জানে এমন পরিস্থিতিতে কী করতে হয়।’ একটা সুখবর অবশ্য দিয়েছেন, ফন পার্সিকে পাওয়া যাবে সামনের ম্যাচ থেকেই।
ইউনাইটেডের সান্ত্বনাসূচক গোলটি করেছেন ওয়েইন রুনি। কিন্তু এতে কি আর যন্ত্রণার কোনো উপশম হয়? ময়েসের দলের অন্যতম প্রধান সেনানী দ্রুতই ভুলে যেতে চান এই হারকে, ‘গোল করেছি ভালোই লাগছে, কিন্তু এই গোলের কোনো অর্থ নেই। পয়েন্ট পাওয়াটাই ছিল জরুরি, কিন্তু আমরা একটি পয়েন্টও আনতে পারিনি। যা-ই হোক বুধবার লিভারপুলের সঙ্গে আমাদের বড় ম্যাচ, সুতরাং আজকের দিনটাকে (রোববার) ভুলে গিয়ে ওই ম্যাচ থেকেই আমাদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে হবে।’ এএফপি।