পেলেগ্রিনিকে বিদায়, আসছেন মরিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজনের নামের শুরুটাই হোসে দিয়ে। এক হোসে যাচ্ছেন, আরেক হোসে আসছেন। পরশু রিয়াল মাদ্রিদ কোচ হোসে ম্যানুয়েল পেলেগ্রিনিকে বরখাস্ত করেছে। আর এতেই পরিষ্কার হলো হোসে মরিনহোর রিয়ালের দায়িত্ব নেওয়ার পথ।রিয়ালে চিলিয়ান পেলেগ্রিনি টিকলেন মাত্র একটি মৌসুমই। তবে, রিয়ালের কোচ পরিবর্তনের পালাবদলের দিকে তাকালে এক মৌসুমও খুব কম বলে মনে হবে না! ২০০৩ থেকে ২০১০—এই সাত বছরে পেলেগ্রিনিসহ ১০ জন কোচকে বরখাস্ত করেছে রিয়াল। বড় আশা করেই পেলেগ্রিনিকে বার্নাব্যুতে নিয়েছিল রিয়াল। দ্বিতীয়বারের মতো রিয়ালের সভাপতির দায়িত্ব নিয়ে বার্নাব্যুতে ‘দ্বিতীয় নক্ষত্রপুঞ্জ’ গড়ে তুলেছেন ফ্লোরেন্তিনো পেরেজ। প্রায় ২৫০ মিলিয়ন ইউরো খরচ করে সাজিয়েছেন দল। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ট্রান্সফার ফির রেকর্ড গড়ে ক্রিস্টিয়ানো রোনালদো, এসি মিলান থেকে কাকাসহ তিনি দলে নাম লিখিয়েছেন আরও অনেককেই। আর তারকাপুঞ্জের ভার দিয়েছিলেন পেলেগ্রিনির হাতে। এই দল নিয়েও শিরোপাশূন্য থাকাটা কীভাবে মানবে রিয়াল?তবে পেলেগ্রিনিকে বরখাস্ত করার আগে অনেক ভাবনা-চিন্তা করেছে রিয়াল কর্তৃপক্ষ। সভাপতি পেরেজের কথায়ই তা স্পষ্ট, ‘কয়েক সপ্তাহজুড়ে আমরা গত মৌসুমটাকে বিশ্লেষণ করেছি। ভেবেচিন্তে আমরা পেলেগ্রিনির রিয়াল-দিনে ইতি আনার সিদ্ধান্ত নিয়েছি।’ পেলেগ্রিনির জায়গায় কাকে নেবে রিয়াল মাদ্রিদ, সেটা ঠিক হয়ে ছিল আগেই। ইন্টার মিলানকে এ মৌসুমে ট্রেবল জেতানো পর্তুগিজ কোচ মরিনহোকেই নেওয়ার কথা ছিল রিয়ালের। সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। মরিনহো ছুটি কাটাতে যাচ্ছেন এবং ছুটি কাটিয়ে ফিরেই রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেবেন।মরিনহোকে পেলেগ্রিনির উত্তরসূরি হিসেবে পেয়ে খুব খুশি রিয়াল সভাপতি পেরেজ, ‘আমরা খুব খুশি যে হোসে মরিনহোর মতো একজন কোচ আসন্ন বছরগুলোতে রিয়ালের দায়িত্ব নেবেন। সম্ভব সবকিছুই তিনি জিতেছেন। আমরা আসলে প্রত্যেকটি পজিশনেই সেরাদের চাই।’ এএফপি।