পেলেগ্রিনির সঙ্গে আছে বিতর্কও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারফরম্যান্স আর অর্জনের হিসাব করলে ইতালির ক্রীড়া ইতিহাসে অমর হয়ে থাকার কথা ফেদেরিকা পেলেগ্রিনির। অলিম্পিক সাঁতারের ইতিহাসে সোনাজয়ী প্রথম ইতালিয়ান মহিলা সাঁতারু ২৩ বছর বয়সী এই তরুণী। ২০০৮ বেইজিং অলিম্পিকে ২০০ মিটার ফ্রি-স্টাইলে সোনা জয়ের পর গত দুটি বিশ্ব চ্যাম্পিয়নশিপেই ২০০ ও ৪০০ মিটারের ডাবল জিতেছেন। প্রথম নারী হিসেবে ৪ মিনিটের নিচে সাঁতরেছেন ৪০০ মিটার। পারফরম্যান্সের সঙ্গে সুন্দর মুখশ্রী। সঙ্গে ট্যাবলয়েডের শিরোনাম হওয়ার মতো ঘটনার ঘনঘটা। যা হওয়ার, হয়েছে তাই-ই। ফুটবলের দেশ ইতালিতে ফুটবলারদের চেয়ে কোনো অংশেই কম নয় পেলিগ্রিনির তারকাখ্যাতি। নাম উঠে গেছে সেরা ‘আবেদনময়ী’দের তালিকায়। কেচ্ছা-কেলেঙ্কারিতে জড়ানোতেও রুপালি তারকাদের চেয়ে কম যান না। ইতালিয়ান ম্যাগাজিনগুলোর পাতা উল্টালেই চোখে পড়বে পেলেগ্রিনির ছবি। নগ্ন হয়ে ক্যামেরার সামনে দাঁড়ানো থেকে শুরু করে বারবার প্রেমিক বদল—আলোচনায় নেই কোনটা! প্রচারের আলো তাঁর ওপর এভাবে পড়বে সেটা নাকি কখনোই ভাবতে পারেননি পেলেগ্রিনি। মেয়েদের ম্যাগাজিন গ্রাজিয়াকে বললেন সেটাই, ‘কখনোই কল্পনা করিনি, আমিও আবেদনময়ী তারকার খ্যাতি পাব! ছেলেবেলায় তো আমি গেছো প্রকৃতির ছিলাম।’ সেই গেছো মেয়ে এখন সবার ওপরে স্থান দেন নারী সত্তাকে, ‘আমি এখন শুধু নিজেকে একজন অ্যাথলেট হিসেবেই দেখি না, নারী হিসেবেও দেখি। আর চাই যৌনাবেদনটা যেন কখনোই অশ্লীলতায় রূপ না নেয়।’২০০৪ এথেন্স অলিম্পিকে মাত্র ১৬ বছর বয়সে রুপা জিতেছিলেন পেলেগ্রিনি। তারকা খ্যাতি তখন থেকেই। পুল আর পুলের বাইরের ঘটনা কখনোই প্রচারের আলো সরাতে দেয়নি তাঁর ওপর থেকে। ফ্রান্সে লর মানোডুর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাটা সুইমিংপুলের বাইরেও টেনে আনেন পেলেগ্রিনি। কেড়ে নেন মানোডুর প্রেমিক ইতালিয়ান সাঁতারু লুকা মারিনকে। পরে অবশ্য স্বভাবসুলভ ঝেড়ে ফেলেছেন তাঁকেও। সম্পর্ক গড়েছেন স্বদেশি সাঁতারু ফিলিপ্পো মাননিনির সঙ্গে। মানোডুর প্রেমিকই নয় শুধু, তাঁর কোচকেও নিজের কোচ করেছিলেন পেলেগ্রিনি। পেলেগ্রিনি অবশ্য বলেছেন এ সবই স্বাভাবিক, ‘আমি মাত্র ২৩ বছর বয়সী একটা মেয়ে, মন তো পরিবর্তন হতেই পারে।’পেলেগ্রিনিকে নিয়ে বিতর্ক এবার অলিম্পিকের আগেও। তবে কারণটা ভিন্ন। অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ইতালির পতাকা বহনের দায়িত্ব পড়েছিল তাঁর ওপর। পেলেগ্রিনি রাজি হননি পতাকা বইতে। আর তাতেই বিতর্কের ঝড় বইছে ইতালিজুড়ে। পরদিন পুলে নামতে হবে বলেই পতাকা হাতে নিতে রাজি হননি পেলেগ্রিনি। ব্লগে লিখেছেন, ‘অলিম্পিক সাঁতারের আগের দিন আট ঘণ্টা দাঁড়িয়ে থাকা অসম্ভব। আমি ওই সময়টাতেই নিজেকে প্রস্তুত করতে চাই।’ এএফপি।