পেলেগ্রিনির 'মিশন ফোর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্দান্ত ফর্ম এভাবেই আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়, হয়তো বেড়ে যায় সাহসও। কখনো ‘ডাবল’ না জেতা ক্লাবের কোচ হয়েও তাই ম্যানুয়েল পেলেগ্রিনি বলতে পারেন—এই মৌসুমে চারটি শিরোপাই তাঁর চাই! ফাঁকা বুলি বলে উড়িয়ে দেওয়ার উপায় নেই। এই সিটিই তো কিছু দিন আগে মৌসুমের সবচেয়ে কম ম্যাচে ১০০ গোল করার নতুন রেকর্ড গড়েছে, সব ধরনের প্রতিযোগিতায় অপরাজিত আছে সর্বশেষ ১৮ ম্যাচে। সার্জিও আগুয়েরো, আলভারো নেগ্রেদো ও এডিন জেকোদের ফর্ম বলছে—এই মৌসুমে ওদের জন্য অসম্ভব কিছুই না!
পরশু আরও একবার যেন পেলেগ্রিনির দল সেই শক্তির মহড়াই দিল আপটন পার্কে। নেগ্রেদোর জোড়া গোলের সঙ্গে আগুয়েরোর এক গোল মিলিয়ে লিগ কাপের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ওয়েস্ট হামকে হারাল ৩-০ ব্যবধানে। আগের লেগে ৬-০ গোলের বিশাল হারের ফলে দুই লেগ মিলিয়ে ব্যবধানটা ওয়েস্ট হামের জন্য লজ্জাজনকই। প্রতিপক্ষকে এভাবে গুঁড়িয়ে দিয়ে ফাইনালে উঠে যাওয়া সিটি কোচ তাই টগবগ করে ফুটছেন আত্মবিশ্বাসে, ‘আমরা এই উচ্চাকাঙ্ক্ষা ও জয়ের মানসিকতা নিয়ে সবগুলো ম্যাচ খেলব। আমরা প্রতিটি ম্যাচই জেতার কথা ভাবছি।’ এরপর শুধু লিগ কাপ নয়, শোনালেন পুরো মৌসুম নিয়ে সেই উচ্চাকাঙ্ক্ষার কথা, ‘মৌসুমের চারটি শিরোপাই জিততে চাই আমরা। কাজটা কঠিন, কিন্তু আমরা চেষ্টা করব। এই মানসিকতাটা থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
২ মার্চ ওয়েম্বলির ফাইনালে সিটির প্রতিপক্ষ হতে পারে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড অথবা সান্ডারল্যান্ডের মধ্যে কোনো এক দল। মাঝের এই সময়টা পেলেগ্রিনি মনোযোগ দিতে চান ‘মিশন ফোর’-এর বাকি শিরোপাগুলোর দিকেও, ‘লিগ কাপ নিয়ে মার্চ পর্যন্ত আর চিন্তা নেই। এবার এফএ কাপের দিকে নজর দেওয়াটা গুরুত্বপূর্ণ, আমরা ওয়াটফোর্ডের বিপক্ষে ম্যাচটা জিততে চাই। চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার বিপক্ষে কঠিন ম্যাচ। প্রিমিয়ার লিগে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এবং শেষ পর্যন্ত সেখানেও চার-পাঁচটা দলের মধ্যে কঠিন লড়াই হবে।’
সবগুলো লড়াইয়ে জিতলে তবেই কেবল চার শিরোপার স্বপ্ন পূরণ হবে সিটির চিলিয়ান কোচের। সিটি সমর্থকেরা এত বড় স্বপ্ন দেখছেন কি না, এটা অবশ্য একটা প্রশ্ন বটে! এএফপি, রয়টার্স।