শিল্পী তো তিনিও। তবে সেটা ফুটবল মাঠের। সংগীতের সঙ্গে পেলের সম্পর্কটা হয়তো নেহাতই শখের বশে গিটার নিয়ে টুংটাং করা পর্যন্ত।
‘ফুটবলের রাজা’ সম্পর্কে এই যদি হয় কারও ধারণা, সেটা ভুল। তিনি যে সংগীত অনুরাগী সেটার প্রমাণ দিলেন রীতিমতো গান লিখে। বিশ্বকাপেই তিনি হাজির হচ্ছেন গীতিকারের ভূমিকায়!
পেলের সংগীত অনুরাগ আগেও বেশ কয়েকবার প্রকাশ পেয়েছে । বছর দুয়েক আগে এক সাক্ষাত্কারে নিজেকে তুলনা করেছিলেন সুরসম্রাট বিটোফেনের সঙ্গে৷ এই তো মাত্র দিন কয়েক আগে আগ্রহ প্রকাশ করেছেন জনপ্রিয় ব্রিটিশ ব্যান্ড ‘ওয়ান ডিরেকশনে’ যোগ দিতে । কিন্তু তাই বলে একেবারে আস্ত একখানা গান লিখে ফেলবেন সেটি কে ভেবেছিল, তা-ও আবার একেবারে বিশ্বকাপের মুখে!
পিটবুল-জেনিফার লোপেজ-ক্লদিয়া লেইতের গাওয়া ব্রাজিল বিশ্বকাপের অফিশিয়াল থিম সং অবশ্য এরই মধ্যে বেরিয়ে গেছে । বিশ্বকাপ নিয়ে আরেকটি গান গেয়েছেন রিকি মার্টিন। এর পরও পেলে কেন গান লিখতে গেলেন? ‘কালোমানিকে’র মতে ওই গান নাকি ঠিক ‘ব্রাজিলিয়ান’ নয়, ‘রিকি মার্টিনের গানটা শুনেছি, ভালো লাগেনি ৷ অন্য গানটিতে ব্রাজিল দলের কঠিন সময়ের কোনো কথা নেই।’ পেলের গানে নাকি সবকিছুই আছে! এমনকি বিশ্বকাপে দর্শকেরা যাতে খেলোয়াড়দের দুয়ো না দেয় সেই আহ্বানও জানিয়েছেন গানের মাধ্যমে। কিন্তু ব্রাজিল-দর্শকেরা নিজেদের দলকে দুয়ো কেন দিতে যাবে? ‘কারণ ব্রাজিল সমর্থকদের চাহিদা অনেক বেশি’—পেলের জবাব৷
গানের কথা লেখা শেষ । সম্প্রতি ব্রাজিলিয়ান দৈনিক ফোলহা ডি সাও পাওলোর সাংবাদিকদের সামনে গেয়ে শোনালেন গানের প্রথম লাইনটাও, ‘কত সুখ, কত কান্না দিয়েছে এই ফুটবল, এ আমাদের জাতির ধমনিতে।’ এক লাইন গেয়ে শোনালেও গানের নাম প্রকাশ করতে চাননি এখনই । তবে জানালেন, এরই মধ্যে গানের রেকর্ডিং শুরু হয়েছে। প্রত্যাশা, কিছুদিনের মধ্যেই প্রকাশও হবে।
যে দলের জন্য তাঁর এত আবেগ, সেই প্রত্যাশা পূরণ হবে? পেলে কিন্তু আশাবাদী, ‘আমাদের রক্ষণ দারুণ শক্তিশালী। এখন শুধু আক্রমণভাগটা আরেকটু ঘষামাজা করা দরকার।’
শুধু তা-ই নয়, এরই মধ্যে মারাকানায় ব্রাজিল-উরুগুয়ে ফাইনালের স্বপ্নও দেখতে শুরু করেছেন পেলে। ১৯৫০ বিশ্বকাপের ‘মারাকানজো’র প্রতিশোধ নয়তো হবে কী করে? এএফপি।